নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়ন জামায়াতের ইসলামী যুব বিভাগের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি হাসিবুর মোল্যার কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ কারখানার সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তা ও মারধরের শিকার হয়েছেন দুই সাংবাদিক।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নড়াইল সদর উপজেলার বিছালি ইউনিয়নের বর্ণির মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা নিন্দা জানিয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, বিছালী ইউনিয়নের আটঘরা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছিলেন জামায়াত নেতা হাসিবুর৷ শনিবার সকালে ওই অবৈধ কারখানার সংবাদ সংগ্রহে যান নড়াইল জেলা সময় টেলিভিশনের প্রতিনিধি সজিব রহমান ও নড়াইল জেলা দৈনিক স্বাধীন দেশের প্রতিনিধি রাসেল হোসাইন। এসময় কারখানা মালিক হাসিবুর নানাভাবে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন। কিন্তু সাংবাদিকরা তার প্রস্তাব নাকচ করে দেয়। পরে নড়াইল শহরে ফেরার পথে বর্ণির মোড় এলাকায় সাংবাদিকদের ঘিরে ধরে হেনস্তা ও মারধর করেন হাসিবুর ও তার লোকজন।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর যুব বিভাগের বিছালী ইউনিয়নের সভাপতি হাসিবুর মোল্যা বলেন, ‘কয়লা ভাটা অবৈধ না বৈধ আমি জানি না, ১০ বছর আগে থেকে সাংবাদিকরা মোটরসাইকেল নিয়ে আসে তাই (চা-নাস্তার বিল) দেই, অবৈধ হলে আপনি নিউজ করেন।’
রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও নড়াইল জেলা কমিটির সভাপতি সাজ্জাদ আলম খান সজল জানান , সাংবাদিকদের এভাবে হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন কিংবা তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকিস্বরূপ।তাই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। এর সঠিক তদন্ত করে দোষীদের বিচার আওতায় আনা হোক।
তিনি আরও জানান,প্রশাসন যদি অতিসত্বর হাসিবুর মোল্লার এই অবৈধ কয়লা ভাটা বন্ধ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে, তবে আগামীতে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে কঠোর কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
মতামত