জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ অংশ নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের চারটি উদ্ভাবনী গবেষণা প্রকল্প মেলায় প্রদর্শন করা হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
মেলায় বেরোবির প্রদর্শিত চারটি গবেষণা প্রকল্প হলো—‘Silicon Based Perovskite Solar Cells’, ‘AgriTrace BD’, ‘Carbon Setu’ এবং ‘DeshGuard AI’।
উদ্বোধনী অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী প্রকল্পগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন।
উপাচার্য বলেন, ‘আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সবসময় বদ্ধপরিকর। ল্যাবরেটরির নতুন নতুন আবিষ্কার যখন বাণিজ্যিক বাজারে জায়গা পাবে, তখনই দেশের সার্বিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত সমৃদ্ধি ত্বরান্বিত হবে। এই ইনোভেশন ফেয়ার আমাদের তরুণ গবেষকদের জন্য নতুন সম্ভাবনা ও নেটওয়ার্ক তৈরির অনন্য সুযোগ।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও গবেষক প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার সঙ্গে ইন্ডাস্ট্রির কোনো সমন্বয় নেই। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়টি সমন্বয়ের চেষ্টা করছেন। গবেষণা ও শিল্পখাতের মধ্যে এই সমন্বয় হলে বাংলাদেশে গবেষণার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে।’
তিনি বলেন, ‘এই সমন্বয়হীনতার কারণে বাংলাদেশের সমসাময়িক দেশগুলো গবেষণা ও প্রযুক্তিতে আমাদের চেয়ে এগিয়ে গেছে। বাংলাদেশ যে সম্ভাবনা ধারণ করে, সমন্বয়ের অভাবে আমরা সেই জায়গায় যেতে পারিনি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. মিজানুর রহমান, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো. এমদাদুল হক এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. কামরুজ্জামান।
মতামত