নাইট্রোজেন সার ব্যবহারে প্রায় ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। প্রযুক্তিটির নাম দেওয়া হয়েছে ‘এন-ফার্টিস্মার্ট’।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রযুক্তিটি উদ্ভাবনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বর্তমানে রাজধানীর নভোথিয়েটারে চলমান বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ প্রযুক্তিটির প্রোটোটাইপ উপস্থাপন করা হয়েছে।
অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহারে কৃষকের খরচ বাড়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হয়। গবেষকদের তথ্য অনুযায়ী, ব্যবহৃত ইউরিয়া সারের প্রায় ৬০ শতাংশই ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় নষ্ট হয়ে পানিদূষণ ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ঝুঁকি তৈরি করে।
রিমোট সেন্সিং ও স্যাটেলাইটভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এই প্রযুক্তি কাজ করে। জমির নির্দিষ্ট এলাকার সম্ভাব্য ডিনাইট্রিফিকেশন হার হিসাব করে প্রকৃত নাইট্রোজেন চাহিদা নির্ধারণ করা হয় এতে। সার সুপারিশ নির্দেশিকা ২০২৪ অনুযায়ী হেক্টরপ্রতি প্রায় ১৭৪ কেজি নাইট্রোজেন সার প্রয়োগের সুপারিশ রয়েছে। নতুন প্রযুক্তির মাধ্যমে এই পরিমাণ ১৩৫ দশমিক ৭০ কেজিতে নামিয়ে আনার সম্ভাবনা পাওয়া গেছে গবেষণায়।
গবেষকদের মতে, বাংলাদেশের প্রায় ৬৫ শতাংশ কৃষিজমি প্রতিবছর কোনো না কোনোভাবে প্লাবিত হয়, যাতে মাটির উর্বরতা বদলে যায়। ফলে প্রচলিত পদ্ধতির সার সুপারিশ পরিবর্তিত মাটির অবস্থার সঙ্গে সবসময় মেলে না।
"বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। নাইট্রোজেনের সুপারিশকৃত পরিমাণ নির্ধারণ করা থাকলেও তা প্রতিবছর হালনাগাদ হয় না," বলেন প্রকল্পের সঙ্গে যুক্ত জবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এম এম গোলাম আদম। তিনি বলেন, এই প্রযুক্তির মাধ্যমে প্রতিবছর প্রয়োজনীয় নাইট্রোজেনের পরিমাণ নির্ধারণ করে কৃষকের বাড়তি খরচ কমানো সম্ভব হবে।
গবেষক দলের প্রধান সদস্যদের একজন অধ্যাপক ড. মো. আতাউল গনি বলেন, দেশের প্লাবনপ্রবণ কৃষিজমিতে মাটি ও পানির অবস্থা দ্রুত বদলায়, তাই একই মাত্রায় সার প্রয়োগ সবসময় কার্যকর হয় না।
প্রকল্পের কারিগরি দিকে যুক্ত সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, স্যাটেলাইট তথ্য বিশ্লেষণের মাধ্যমে জমির প্রকৃত প্রয়োজন অনুযায়ী সার ব্যবহারের সুযোগ তৈরি হবে এই প্রযুক্তিতে। এতে কৃষকের খরচ কমার পাশাপাশি পরিবেশের ওপর চাপও কমবে বলে জানান তিনি।
মতামত