জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ’-এর নবনির্মিত পাঁচতলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় ফিতা কেটে ও উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় নবনির্মিত এই ভবনটি নির্মিত হয়েছে। পাঁচতলা ভিত্তির ওপর নির্মিত এই আধুনিক ভবনের প্রতি তলায় রয়েছে ১১,৫০০ বর্গফুট আয়তনের সুপরিসর স্থান।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মোশারফ হোসেন বলেন, “যেকোনো বিষয়ের ভিত্তি ভালো না হলে পরবর্তী অংশ ভালো হতে পারে না। আমরা শিক্ষার ভিত্তি অর্থাৎ প্রাথমিক স্তর থেকেই মানসম্মত শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের সুশিক্ষার জন্য যেন ক্যাম্পাস ছেড়ে দূরে অবস্থান করতে না হয়, সেই লক্ষ্যেই এটি গড়ে তোলা হয়েছে। প্রতিষ্ঠানটিকে একটি মডেল স্কুল অ্যান্ড কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।”
তিনি আরও জানান, কেবল বিশ্ববিদ্যালয় পরিবারের সন্তানরাই নয়, স্থানীয় এলাকাবাসীর সন্তানেরাও এখানে সমান সুযোগে ভর্তি হতে পারবে। সাশ্রয়ী খরচে ও পূর্ণ নিরাপত্তাবেষ্টনীতে যেন শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে পারে, প্রশাসন সেই বিষয়টি নিশ্চিত করবে। এছাড়া শিক্ষকদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করতে ইতোমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়া হয়েছে এবং দ্রুতই প্রতিষ্ঠানটি সরকারিকরণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলমের সঞ্চালনায় এতে বিভিন্ন অনুষদের ডিন, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রনেতৃবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।
মতামত