কৃষকের দোরগোড়ায় সরকারি কৃষি সেবা পৌঁছে দেওয়া, উৎপাদন বাড়ানো এবং মাঠপর্যায়ের কৃষি কার্যক্রম আরও গতিশীল করতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরেজমিনে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ে কৃষি বিভাগের চলমান কার্যক্রম পরিদর্শন করেন তারা। এ সময় কৃষকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা, প্রয়োজন ও সম্ভাবনার বিষয়ে খোঁজ নেন কর্মকর্তারা।
পরিদর্শনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপপরিচালক সালমা আক্তার, ময়মনসিংহের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. আলমগীর আজাদ এবং পার্টনার, ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার ড. মো. সালাহ্উদ্দিন কায়সার।
মাঠপর্যায়ের পরিদর্শনে কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম, কৃষকদের সরকারি সেবা প্রাপ্তির পরিস্থিতি, কৃষি উৎপাদন এবং বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি কৃষকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাদের বাস্তব সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জানার চেষ্টা করেন কর্মকর্তারা।
উপপরিচালক সালমা আক্তার বলেন, ঈশ্বরগঞ্জে কৃষি বিভাগের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। কৃষকদের কাছে সরকারি কৃষি সেবা যথাযথভাবে পৌঁছে দেওয়া এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. আলমগীর আজাদ বলেন, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আনতে মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন। সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে কৃষকদের বাস্তব সমস্যা জানা এবং সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হয়।
সিনিয়র মনিটরিং অফিসার ড. মো. সালাহ্উদ্দিন কায়সার বলেন, মাঠপর্যায়ের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা হয়েছে। কৃষকদের প্রয়োজন এবং চলমান কার্যক্রমের বাস্তবায়ন পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শনের মাধ্যমে উপজেলার কৃষি কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে উপজেলা কৃষি বিভাগ নিয়মিত মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, মাঠে কর্মকর্তাদের সরাসরি উপস্থিতি ও কৃষকদের সঙ্গে মতবিনিময়ের ফলে কৃষকের বাস্তব সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করা সম্ভব হয়। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি, সরকারি সহায়তা ও কৃষি বিভাগের পরামর্শ কৃষকের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়।
এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত