বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) তিন মাসব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘প্রতিবেদনের পথে ১.০’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান, রসায়ন বিভাগের বিভাগীয় সহযোগী অধ্যাপক ড. হারুন আল রশিদ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান , একই বিভাগেসহকারী অধ্যাপক মো ইউসুফ , লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম , জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মো: এহতেরামুল হক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে তা বিশ্ববিদ্যালয় ও সমাজের উন্নয়নে কাজে লাগাতে হবে। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করেন এবং তিন মাসের প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব সাংবাদিকতায় প্রয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বেরোবিসাসের সভাপতি আবু সাঈদ বলেন, “ক্যাম্পাস সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন সাংবাদিককে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই, অনুসন্ধান, সাক্ষাৎকার গ্রহণ ও সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকতার নৈতিকতা সম্পর্কেও ধারণা রাখতে হয়। এসব দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই আমাদের এই প্রশিক্ষণ কর্মশালা।”
তিনি আরও বলেন, “অভিজ্ঞ সাংবাদিকদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অংশগ্রহণকারীরা বাস্তব সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভের সুযোগ পাবেন। আমরা আশা করি, ‘প্রতিবেদনের পথে ১.০’ ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সাংবাদিকতায় সত্য, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার চর্চার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “সত্য, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতাকে ধারণ করে সাংবাদিকতার চর্চা করতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সেই চর্চা আরও শক্তিশালী হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রশিক্ষক সাইফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক।
আয়োজকেরা জানান, তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে সাংবাদিকতার বিভিন্ন মৌলিক ও ব্যবহারিক বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিশেষ করে সংবাদ সংগ্রহ, সংবাদ লেখা, তথ্য যাচাই, সাক্ষাৎকার গ্রহণ, সংবাদ পরিবেশন ও সাংবাদিকতার নৈতিকতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যাম্পাস সাংবাদিকতার পাশাপাশি পেশাগত সাংবাদিকতার জন্যও প্রস্তুত করার লক্ষ্য রয়েছে।
মতামত