বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) শহিদ ফেলানী হলের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহিদ ফেলানী হলের নিচতলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিকায়ন করা রিডিং রুম ও সেমিনার রুমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার অনুকূল পরিবেশ সৃষ্টিতে আমরা বদ্ধপরিকর। শহিদ ফেলানী হলের বিভিন্ন সমস্যা আমরা ধাপে ধাপে সমাধান করছি। গরমের দিনে কিংবা পরীক্ষার সময় শিক্ষার্থীরা যেন কোনো ধরনের বিঘ্ন ছাড়াই পড়াশোনা চালিয়ে যেতে পারেন, সে জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।”
তিনি বলেন, শিক্ষার্থীদের আবাসিক জীবনে পড়াশোনার পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান এবং শহিদ ফেলানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোছাঃ সিফাত রুমানা উপস্থিত ছিলেন। এছাড়া হলের সহকারী প্রভোস্টবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আধুনিকায়নের ফলে শহিদ ফেলানী হলের শিক্ষার্থীরা আরও আরামদায়ক ও নিরিবিলি পরিবেশে পড়াশোনা এবং একাডেমিক কার্যক্রম পরিচালনার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা জানান।
মতামত