গ্র্যাজুয়েশন শেষ করার মাত্র ২০ দিনের মাথায় আন্তর্জাতিক প্রযুক্তি ও প্রকৌশল প্রতিষ্ঠান Wärtsilä-তে Field Service Trainee Engineer হিসেবে চাকরি পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী তানভীর হাসনাইন।
গত ২৬ আগস্ট ইইই বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন-পরবর্তী বিদায় অনুষ্ঠিত হয়। এর ঠিক ২০ দিনের মাথায় তানভীরের হাতে আসে Wärtsilä-তে কাজের সুযোগ।
ফিনল্যান্ডভিত্তিক Wärtsilä একটি বৈশ্বিক প্রযুক্তি ও প্রকৌশল প্রতিষ্ঠান। মূলত Marine ও Energy খাতে কাজ করে প্রতিষ্ঠানটি। জাহাজের ইঞ্জিন, propulsion ও electrification solutions-এর পাশাপাশি power plant, energy storage এবং grid solutions নিয়েও কাজ করছে তারা। বর্তমানে বিশ্বের ৭৮টি দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।
তবে এই জায়গায় পৌঁছানোর পথটা তানভীরের জন্য খুব সহজ ছিল না। তার দেওয়া তথ্য অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়ায় প্রায় এক হাজার আবেদন জমা পড়ে। সেখান থেকে ২৫০টি সিভি বাছাই করা হয়। পরবর্তী ধাপে পরীক্ষা শেষে ইন্টারভিউয়ের সুযোগ পান মাত্র চারজন। শেষ পর্যন্ত তাদের মধ্য থেকে নির্বাচিত হন তানভীর হাসনাইন।
গ্র্যাজুয়েশন শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই চাকরি পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তানভীর। নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, “আল্লাহ তাকদিরে রেখেছেন বলেই এরকম একটা ফেইজ পার করে ফেলেছি। আলহামদুলিল্লাহ—আল্লাহর কাছে শুকরিয়া।”
নতুন এই চাকরির মধ্য দিয়ে তানভীরের পেশাজীবনের যাত্রা শুরু হচ্ছে। Field Service Trainee Engineer হিসেবে প্রকৌশল ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবামূলক কার্যক্রমে কাজ করবেন তিনি।
তানভীরের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন ইইই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে দ্রুতই কর্মজীবনে প্রবেশের সুযোগ পাওয়ায় সহপাঠীদের পাশাপাশি বিভাগের জুনিয়র শিক্ষার্থীরাও তাকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, Wärtsilä-এর কার্যক্রম মূলত Marine ও Energy খাতকে ঘিরে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বিশ্বের ৭৮টি দেশে প্রায় ১৭ হাজার ৯০০ কর্মী প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করছেন।
মতামত