দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপের ধাক্কায় আব্দুল মজিদ (৬৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহিদুল ইসলাম নামে ভ্যানের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের বারাইপাড়া এলাকার এলিট ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ উপজেলার শহড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। আহত জাহিদুলকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আব্দুল মজিদ ফুলবাড়ী বাজার থেকে কিছু টিন ও একজন যাত্রী নিয়ে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বারাইপাড়া এলাকায় এলিট ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ফুলবাড়ীগামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুল মজিদ নিহত হন। ভ্যানের যাত্রী জাহিদুল গুরুতর আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই পিকআপটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার প্রায় আধা ঘণ্টার মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মতামত