"যশোরের দুঃখ"
‘সংস্কার নয়, চাই স্থায়ী সমাধান’
যুগের পর যুগ ধরে চলা জলাবদ্ধতার এই চক্র আর কত যুগ চলবে?
একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে কোমরসমান পানি। আরেকটির প্রবেশপথ হাঁটুপানিতে ডুবে আছে। কোথাও মাঠ ও বারান্দা পানির নিচে, কোথাও আবার শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে বিদ্যালয়ের বাইরে অন্য কোনো বাড়ি কিংবা ভাড়া করা ভবনে। এমন পরিস্থিতি এখন যশোরের মণিরামপুর উপজেলার ভবদহ সংলগ্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে।
দীর্ঘদিনের ভবদহ জলাবদ্ধতার সঙ্গে সাম্প্রতিক টানা বর্ষণ যুক্ত হয়ে উপজেলার ৬টি ইউনিয়নের ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর মধ্যে ১৬টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কয়েকটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পর্যন্ত হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকল্প স্থানে বিশেষ ব্যবস্থায় পাঠদান চালাতে হচ্ছে। সাম্প্রতিক চলতি এ প্রতিবেদনেও ৩৪টি প্রতিষ্ঠানে পানি ঢোকা এবং কয়েকটি প্রতিষ্ঠানের বিকল্প স্থানে পাঠদানের তথ্য নিশ্চিত হয়েছে।
সংশ্লিষ্ট শিক্ষা অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবদহের জলাবদ্ধতার কারণে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া, হরিদাসকাটি, দুর্বাডাঙ্গা, কুলটিয়া, নেহালপুর ও মনোহরপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা বছরের অধিকাংশ সময় জলাবদ্ধ থাকে। সাম্প্রতিক টানা বৃষ্টিতে সেই সংকট আরও তীব্র হয়েছে। বিশেষ করে কুলটিয়া, হরিদাসকাটি ও দুর্বাডাঙ্গা ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোজাফ্ফর হোসেন জানান, অতিবর্ষণের ফলে ভবদহ এলাকার জলাবদ্ধতা আরও প্রকট হয়েছে। বর্তমানে উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ, বারান্দা ও শ্রেণিকক্ষে পানি উঠেছে। কয়েকটি প্রতিষ্ঠানে বিকল্প স্থানে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলোর মাঠ ও বারান্দায় পানি থাকলেও নানা প্রতিকূলতার মধ্যেই শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা চলমান রয়েছে।
পানিবন্দি মাধ্যমিক বিদ্যালয়গুলো হলো- হাটগাছা, কুলটিয়া মাধ্যমিক বালিকা, পোড়াডাঙ্গা আরসি, বাগডাঙ্গা-দহাকুলা, বিএইচএমএস নিম্ন মাধ্যমিক বালিকা, এজিএম নিম্ন, লখাইডাঙ্গা, নেবুগাতী, পাঁচবাড়িয়া-পাঁচকাটিয়া, পাঁচকাটিয়া-পাঁচবাড়িয়া মাধ্যমিক বালিকা, পাঁচকাটিয়া, হরিনা, কুশখালী, ভবানীপুর রামোত্তম, রজিপুর কেএমএস এবং চান্দুয়া-সমসকাটি মাধ্যমিক বিদ্যালয়।
অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামছুল আলম জানান, অতিবর্ষণে ভবদহসংলগ্ন ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পানি উঠেছে। এর মধ্যে ভুলবাড়িয়া, সুজাতপুর মধ্যপাড়া, আসাননগর ও বয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, বারান্দা এবং শ্রেণিকক্ষে হাঁটুসমান পানি জমে আছে। ফলে এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যত্র বিশেষ ব্যবস্থায় পাঠদান করা হচ্ছে।
পানিতে আক্রান্ত অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বিলপাড়িয়ালী- ডাঙ্গামহিষদিয়া, লখাইডাঙ্গা, কামিনিডাঙ্গা, বাহিরঘরিয়া, মনোহরপুর খন্দকারবাড়ি, ভবানীপুর, পদ্মনাথপুর, বাজেকুলটিয়া, দিগঙ্গা-কুচলিয়া, পাঁচবাড়িয়া-পাঁচকাটিয়া, সমসকাটি, হাজিরহাট, মধ্যপাড়া, কাজিরগ্রাম- পাঁচবাড়িয়া এবং হাটগাছা- সুজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব প্রতিষ্ঠানের মাঠ ও বারান্দায় পানি থাকলেও শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখার চেষ্টা চলমান রয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, হরিদাসকাটি ইউনিয়নের পাচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রায় দুই মাস ধরে পানিবন্দি। বিদ্যালয়ের মাঠের পাশাপাশি শ্রেণিকক্ষেও কোমরসমান পানি জমে আছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়ে এসে স্বাভাবিক পরিবেশে পাঠদানের সুযোগ নেই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী দাস মল্লিক জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষ পানিতে তলিয়ে থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রায় দুই কিলোমিটার দূরে হাজিরহাট বাজারের একটি ভবনের দ্বিতীয় তলা ভাড়া নিয়ে বিশেষ ব্যবস্থায় পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে।
একই ধরনের পরিস্থিতি দেখা গেছে, ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। বিদ্যালয়ে প্রবেশের একমাত্র রাস্তাটি হাঁটুপানিতে ডুবে রয়েছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষের অবস্থাও নাজুক।
প্রধান শিক্ষক নিত্য বিশ্বাস জানান, বিদ্যালয় প্রাঙ্গণ পানিতে ডুবে যাওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে একটি বাড়িতে অস্থায়ীভাবে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে।
শুধু বিদ্যালয় নয়, প্রশ্ন উঠছে শিক্ষার ধারাবাহিকতা নিয়েও। দীর্ঘদিনের জলাবদ্ধতার সঙ্গে টানা বৃষ্টিপাত যুক্ত হওয়ায় সংকটটি এখন শুধু বিদ্যালয়ের অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নেই। বিদ্যালয়ে যাওয়ার পথ পানিতে ডুবে থাকায় শিক্ষার্থীদের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আবার বিকল্প স্থানে পাঠদান চালু থাকলেও সেখানে স্বাভাবিক শ্রেণিকক্ষের পরিবেশ, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও নিয়মিত শিক্ষা কার্যক্রম কতটা বজায় রাখা সম্ভব সেই প্রশ্নও সামনে আসছে।
একটি বিদ্যালয় যদি মাসের পর মাস পানিতে ডুবে থাকে, তাহলে ক্ষতি শুধু ভবনের নয়; ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠ গ্রহণ ও শিক্ষার ধারাবাহিকতা। বিশেষ করে শিশুদের জন্য অস্থায়ী পরিবেশে দীর্ঘদিন পাঠদান চালিয়ে যাওয়া কতটা কার্যকর হবে, তা নিয়ে শিক্ষক-অভিভাবকদের উদ্বেগ থাকা স্বাভাবিক।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন বলেন, ভবদহসংলগ্ন এলাকা হওয়া এবং এর সঙ্গে অবিরাম বৃষ্টিপাতের কারণে বসতবাড়ির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি কমে গেলে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগ জরুরি এ নিয়ে জনমনে কোনো প্রশ্ন না থাকলেও? পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষ, মাঠ, বারান্দা ও অবকাঠামো সংস্কার করতেই হবে।
? কিন্তু এখানেই কি সমস্যার শেষ? প্রতি বছর পানি উঠবে, বিদ্যালয় বন্ধ বা বিকল্প স্থানে যাবে, পানি নামার পর সংস্কার হবে; এরপর আবার পরের বর্ষায় একই চিত্র ফিরে আসবে-এই চক্র আর কতদিন চলবে?
ভবদহের সমস্যা যে নতুন নয়, তার প্রমাণ প্রতিবছরের বর্ষায় ফিরে আসা এই একই দৃশ্য। চলতি এ প্রতিবেদকের দেখা বিগত বছর গুলোতেও ভবদহ অঞ্চলের বিভিন্ন এলাকায় বাড়িঘর, রাস্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান জলাবদ্ধ হয়েছিল যা অনেক মিডিয়াতেও প্রকাশিত হয়েছিল।
বিগত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত চার দশকে ভবদহ সংকট মোকাবেলায় বিভিন্ন প্রকল্পে বিপুল অর্থ ব্যয় হলেও স্থায়ী সমাধান হয়নি বরং জলাবদ্ধতার জনভোগান্তি থেকেই গেছে। সেখানে নদী ও খাল খননসহ পানি নিষ্কাশন ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতার কথাও স্থানীয়দের অভিযোগ হিসেবে উঠে এসেছে।
তাই মণিরামপুরের পানিবন্দি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর বর্তমান সংকটকে শুধু কয়েকটি বিদ্যালয় সংস্কারের বিষয় হিসেবে দেখলে সমস্যার পূর্ণ চিত্র পাওয়া যাবে না। বিদ্যালয়গুলোকে পানি থেকে মুক্ত রাখতে হলে প্রথমেই ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থাকে কার্যকর করতে হবে।
কারণ, পানি যদি নামার পথ না পায়, তাহলে নতুন ভবন নির্মাণ, পুরোনো ভবন সংস্কার কিংবা শ্রেণিকক্ষ মেরামত কোনোটিই দীর্ঘমেয়াদে শিক্ষাপ্রতিষ্ঠান ও নিম্নাঞ্চলের জনবসতিকে নিরাপদ রাখতে পারবে না।
স্থানীয়দের প্রত্যাশা, ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর জরুরি সংস্কারের পাশাপাশি ভবদহের পানি নিষ্কাশনে কার্যকর, সমন্বিত ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়া হবে।
যুগের পর যুগ ধরে চলা জলাবদ্ধতার এই চক্র থেকে জনপদ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে মুক্ত করতে হলে প্রয়োজন এমন সমাধান, যাতে প্রতি বর্ষায় একই দুর্ভোগের পুনরাবৃত্তি না ঘটে।
কারণ, একটি বিদ্যালয় শুধু একটি ভবন নয়- এটি একটি প্রজন্মের ভবিষ্যৎ গড়ার জায়গা। সেই বিদ্যালয় যদি প্রতিবছর পানির নিচে চলে যায়, তাহলে শুধু দেয়াল ও বেঞ্চ নয়, ব্যাহত হয় একটি প্রজন্মের শিক্ষার ধারাবাহিকতাও।
সার্চটুডে ডেস্ক





মতামত