স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে নারীদের সচেতন করতে উঠান বৈঠক করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সেচ্ছাসেবী সংগঠন ‘ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন’ (ক্যাপ)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী ঝিনাইদহের ত্রিবেণী বাজার সংলগ্ন এলাকায় এ উঠান বৈঠক করেছে সংগঠনটি।
এসময় সংগঠনটির সভাপতি জান্নাতুল মাওয়ার সভাপতিত্ব ও সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অদিতি ঢালী, কোষাধ্যক্ষ ফারিহা তাসনিম, কার্যকারী সদস্য মোহনা আফরিন মুন্নি ও লিজা আক্তারসহ অন্যান্য সদস্যরা।
উঠান বৈঠকে ১২ থেকে ১৮ বছর বয়সী তরুণীসহ বিভিন্ন বয়সের নারীরা অংশগ্রহণ করেন। এসময় পরামর্শের পাশাপাশি ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা ক্যান্সার সম্পর্কে নিজেদের ভুল ধারণা ও সংকোচ দূর করেছে এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়ার গুরুত্ব উপলব্ধির করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংগঠনটির সভাপতি জান্নাতুল মাওয়া বলেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। বিশেষ করে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে নারীদের সঠিক তথ্য জানানো এবং সময়মতো পরীক্ষা ও চিকিৎসার বিষয়ে উৎসাহিত করাই আমাদের প্রধান লক্ষ্য। উঠান বৈঠকে আমরা পরামর্শ দেওয়ার পাশাপাশি মা-বোনদের কথা শুনি এবং তাদের সংকোচ দূর করার চেষ্টা করি। আমি বিশ্বাস করি, একজন নারী সচেতন হলে একটি পরিবার সচেতন হয়। আর সেই সচেতনতা থেকেই গড়ে উঠতে পারে একটি সুস্থ সমাজ।’
উল্লেখ্য, ২০১৫ সালের ১৪ই নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সচেতনতায় কাজ করছে সংগঠনটি।
মতামত