সারাদেশে তীব্র বিদ্যুৎ সংকটের মধ্যে ডে-নাইট ফ্রেশার্স শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করেছে সংগঠনটি। এতে প্রতিটি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিটি দলে সর্বোচ্চ ১৩ জন খেলোয়াড় রাখা যাবে এবং ম্যাচে খেলবেন ৯ জন। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ওভারে। এছাড়া কোনো শিক্ষার্থী নিজ অন্য বিভাগের হয়ে খেলতে পারবেন না।
আরও জানা যায়, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ৮ হাজার, রানার্সআপ দলকে ৫ হাজার এবং সেমিফাইনালে ওঠা দুই দলকে ১ হাজার টাকা করে পুরস্কার দিবে সংগঠনটি।
বিদ্যুৎ সংকটের মধ্যে নাইট টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, ‘আমরা প্রশাসনের অনুমতি নিয়েই আয়োজন করেছি। প্রতিদিন রাতে সর্বোচ্চ একটি ম্যাচ থাকবে৷ ক্যাম্পাসের সবখানের লাইট সারারাত চালু থাকে। এরপরও আমরা প্রশাসনকে অনুরোধ করবো আমাদের প্রতিযোগিতার সময় সংশ্লিষ্ট এলাকার কম প্রয়োজনীয় এক-দুইটি লাইট বন্ধ রাখার জন্য।’
মতামত