জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে এবং দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক, জজকোর্ট ও ভিক্টোরিয়া পার্ক হয়ে পুনরায় প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন বাস্তবতায় প্রবেশ করেছে। তবে তাঁর অভিযোগ, গণহত্যার জন্য দায়ীদের দোসররা অনুশোচনা না করে বিভিন্নভাবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণহত্যার সঙ্গে জড়িতদের কোনো দোসরকে জায়গা দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
রুমি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। কেউ এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইলে রাজনৈতিকভাবে তা মোকাবিলা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক সহিংসতা ও বোমাবাজির ঘটনাগুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে ‘৭১-এর পরাজিত শক্তি ও ’২৪-এর পরাজিত শক্তির’ কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন।
তিনি আরও বলেন, রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ভূমিকা পালন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতামত