‘খেলাধুলা হোক, সবুজ পৃথিবীর জন্য’—এই প্রত্যয়কে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘ভোরের ফুটবল’। সংগঠনটির উদ্যোগে প্রায় ২০০টি তালবীজ রোপণ করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় ফুলবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গণে ভোরের ফুটবলের টিম লিডার নুরুজ্জামান জামানের নেতৃত্বে সদস্যরা সম্মিলিতভাবে এসব তালবীজ রোপণ করেন।
এ সময় সদস্যরা নিজেদের হাতে কলেজের বিভিন্ন স্থানে তালবীজ রোপণ করেন। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ভোরের ফুটবল শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক ও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে ফুলবাড়ীর অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনাতেও তালবীজ রোপণ করা হবে বলে জানান সংগঠনের সদস্যরা।
টিম লিডার নুরুজ্জামান জামান বলেন, “খেলাধুলার পাশাপাশি আমাদের সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্ব রয়েছে। আজ রোপণ করা একটি তালবীজ ভবিষ্যতে বড় গাছে পরিণত হবে। এটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
স্থানীয়রা ভোরের ফুটবলের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সচেতন নাগরিক সমাজও তরুণদের এমন পরিবেশবান্ধব কার্যক্রমের প্রশংসা করে বলেন, খেলাধুলার পাশাপাশি সামাজিক ও পরিবেশ সুরক্ষামূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ততা সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে।
মতামত