বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ঢাকার অস্থায়ী ক্যাম্পাস থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মে মাসের প্রথম সপ্তাহ থেকে চট্টগ্রামে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী একাডেমিক সেশন-এপ্রিল ২০২৭ সেমিস্টারের নিয়মিত কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
ক্যাম্পাস স্থানান্তর কার্যক্রম সুশৃঙ্খল ও সমন্বিতভাবে সম্পন্ন করতে গত ২২ সেপ্টেম্বর ‘ক্যাম্পাস স্থানান্তর সমন্বয় ও ব্যবস্থাপনা কমিটি’র পক্ষ থেকে সংশ্লিষ্ট অনুষদ ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা ও কর্মপরিকল্পনা সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্থানান্তর কার্যক্রম বাস্তবায়নে মালামাল, স্থায়ী সম্পদ ও জনবল স্থানান্তরের জন্য দুই ধাপের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর প্রথম ধাপে ল্যাবরেটরিসহ তুলনামূলকভাবে সময়সাপেক্ষ দপ্তর ও স্থাপনাগুলোর স্থায়ী সম্পদ আগামী ১ থেকে ৩০ এপ্রিল ২০২৭-এর মধ্যে চট্টগ্রামে স্থানান্তর করা হবে।
দ্বিতীয় ধাপে অন্যান্য অনুষদ ও দপ্তরের শ্রেণিকক্ষ ও অফিসের সরঞ্জাম, প্রয়োজনীয় মালামাল এবং স্থায়ী সম্পদ ১৫ থেকে ৩০ এপ্রিলের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে স্থানান্তর কার্যক্রম শেষ করে মে মাসের প্রথম সপ্তাহে নতুন ক্যাম্পাসে নিয়মিত একাডেমিক কার্যক্রম শুরুর জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু হলে বিশ্ববিদ্যালয়ের সব স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে। পাশাপাশি এপ্রিল ২০২৭ সেমিস্টারে নতুনভাবে ভর্তি হওয়া মাস্টার্স প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাসও স্থায়ী ক্যাম্পাসে পরিচালিত হবে।
তবে স্থানান্তরকালীন সময়ে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে বিঘ্ন এড়াতে এপ্রিল ২০২৭ সেমিস্টারে পূর্ব থেকে অধ্যয়নরত চলমান মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের ক্লাস ঢাকার মিরপুর-১২-এর অস্থায়ী ক্যাম্পাসে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, বিএমইউর ক্যাম্পাস স্থানান্তর কার্যক্রম বর্তমানে ‘প্রি-ট্রানজিশন ফেজে’ রয়েছে। এ পর্যায়ে স্থানান্তরের প্রস্তুতি, প্রয়োজনীয়তা নিরূপণ, সম্পদ তালিকাভুক্তকরণ এবং সংশ্লিষ্ট অনুষদগুলোর পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। এর অংশ হিসেবে আগামী ৪ অক্টোবর ২০২৬-এর মধ্যে নিজ নিজ প্রস্তুতি ও প্রস্তাবনা জমা দিতে অনুষদগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে প্রশাসনিক, একাডেমিক ও অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু করা হবে।
মতামত