শিরোনাম: “হাসিমুখের অন্তরালে: তরুণদের মানসিক স্বাস্থ্য ও নীরব একাকিত্বের সংকট”
ক্যাম্পাসের কোলাহল, বন্ধুদের ক্লাসের ফাঁকের আড্ডা কিংবা সোশ্যাল মিডিয়ার রঙিন টাইমলাইন-বাইরে থেকে তরুণদের যে জীবনটাকে প্রাণবন্ত ও চিন্তাহীন মনে হয়, তার ভেতরে প্রায়শই জমে থাকে নীরব একাকিত্ব, ক্যারিয়ারের দুশ্চিন্তা আর পারিবারিক প্রত্যাশার পাহাড়প্রমাণ চাপ। প্রতিদিন যে ছেলেটি বা মেয়েটি সবার সামনে প্রাণখোলা হাসি উপহার দিচ্ছে, দিনশেষে চার দেয়ালের ঘরে তার একা লাগার অনুভূতি আর "আমি কি সত্যিই ভালো আছি?" প্রশ্নটি নীরবেই থেকে যায়। একা থাকা আর একাকিত্বের ফারাক না বুঝে আমাদের সমাজে মানসিক স্বাস্থ্যকে এখনো প্রায়ই ঠুনকো বা সামাজিক দুর্বলতা হিসেবে দেখা হয়।
পরিবারের দায়িত্ব, পরীক্ষার চাপ আর ভবিষ্যতের অনিশ্চয়তার মাঝে মনের জমে থাকা কষ্টগুলো প্রকাশ করতে না পেরে আজকের তরুণ সমাজ এক গভীর মানসিক সংকটের মুখোমুখি। বন্ধুদের ভিড়ের মাঝেও কেবল একটু মনের কথা বলার মতো মানুষের অভাব আর ব্যাকুল হাহাকার কখনো কখনো রূপ নেয় আত্মহত্যার মতো করুণ ও বেদনাময় পরিণতিতে। মানসিক স্বাস্থ্য সচেতনতা না থাকা এবং "আমি ভালো নেই" এটুকু প্রকাশ করার মতো পরিবেশের অভাবেই নীরবে ঝরে যাচ্ছে শত শত সম্ভাবনা।
তরুণদের মাঝে বেড়ে ওঠা এই অদেখা মানসিক লড়াই, একাকিত্বের নীরব মহামারি এবং তা থেকে উত্তরণের পথ নিয়ে তরুণ কলাম লেখকদের ভাবনা ও মতামত সংকলন করে তুলে ধরেছেন একই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম (গোবিপ্রবি শাখা)-র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ তায়ীম খান।
“একাকিত্ব: এক নীরব মহামারির নাম”
শারমিন রিমা খাতুন
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
প্রচার বিষয়ক সম্পাদক, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখা
একাকিত্ব আসলে কোনটা? একা একা বসে থাকা, নাকি হাজার মানুষের ভিড়েও নিজেকে একা অনুভব করা? একা বসে থেকে ভেতরে যে ঝড় চলে, সে কথা বলার মতো কেউ আছে কি না, ঘণ্টার পর ঘণ্টা উধাও থাকলে কেউ আদৌ টের পাবে কি না এই সন্দেহই একাকিত্বের একটা রূপ। আবার হাজার মানুষের মাঝেও নিজেকে হারিয়ে ফেলা, এটাও তার আরেকটা রূপ। একাকিত্ব শব্দটাকে আজকের যুগে আমরা খুব ঠুনকো বানিয়ে ফেলেছি, অথচ এর ভার আসলে বহুগুণ।
"একাকিত্ব" শব্দটা শুনলেই মুরুব্বিরা বা সমাজের মানুষ বলে ওঠেন, "কাজে ব্যস্ত থাকলে এসব নিয়ে ভাবার সময় কোথায়?" কী অদ্ভুত, তাই না?
মানসিক স্বাস্থ্য যেন এখন আর কোনো স্বাস্থ্যই না, অথচ একটু কথা বলার মধ্য দিয়েই হয়তো কেউ একটু ভালো থাকতে পারে, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। কিন্তু আমরা এসব নিয়ে ভাবিই না। আমাদের সমাজ দিনে দিনে এই সত্যটাকেই হাস্যকর বানিয়ে ফেলছে যে মানসিক স্বাস্থ্যেরও যত্ন দরকার। অথচ শত শত মানুষ শুধু একটু কথা বলার মানুষের অভাবে ভুগছেন চাপা কষ্ট আর নীরব হাহাকারে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিনশেষে পরিবারের দায়িত্ব, প্রত্যাশা, ক্যারিয়ার আর পড়াশোনা নিয়ে যে চিন্তায় ডুবে থাকে, সে সম্পর্কে সমাজের বেশিরভাগ মানুষই উদাসীন। বাড়ি থেকে দূরে এসে যখন সারাদিনে কী খেয়েছি, তা নিয়েও মাকে মিথ্যা বলতে হয়, তখন দিনশেষের এত টেনশনের কথা আর কাকেই বা বলব। আসল সমস্যাটা এখানেই। আমরা এত ব্যস্ততার বাহানা করি যে আশপাশের মানুষ কেমন আছে, এইটুকু জানার সময়ও নেই বলে ভান করি। ফলে হয়তো একটা প্রাণ হারিয়ে যায়, নয়তো কেউ বেঁচে থেকেও থেকে যায় জীবিত মৃতের মতো। "আমি ভালো নেই" এই একটা কথা বলা যে কতটা কঠিন, তা শব্দে বুঝিয়ে বলা মুশকিল।
আমরা কেউই এতটা ব্যস্ত নই যে আশপাশের মানুষটা কেমন আছে, এইটুকু শোনার সময়ও বের করতে পারব না। হয়তো একটুখানি কথাই একজন মানুষকে দিতে পারে আশ্বাস, ফিরিয়ে দিতে পারে একটা প্রাণের জীবনীশক্তি। তাই আমাদের সবারই উচিত আশপাশের মানুষগুলোর মানসিক স্বাস্থ্যের একটু হলেও খোঁজখবর রাখা। আশা করি, একদিন এই বিষয়টাকে ঠুনকো না ভেবে আমরা সত্যিকারের সমস্যা হিসেবে দেখব, আর খুঁজে পাব এর সমাধানের পথ। পরিশেষে একটাই কথা বলব-নিজে ভালো থাকুন, আশপাশের মানুষকেও ভালো রাখুন।
“হাসিমুখের আড়ালে: তরুণদের নীরব মানসিক লড়াই”
শাহরিয়ার হোসাইন সিয়াম
অর্থনীতি বিভাগ
উপ-প্রচার সম্পাদক, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখা।
বিশ্ববিদ্যালয়ের আঙিনায় বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে আছে ছেলেটি, হাসছে প্রাণখুলে। তাকে দেখে বোঝার উপায় নেই, তার জীবনে কোনো চিন্তা আছে। কিন্তু ক্লাস শেষে ঘরে ফিরতেই সে নিশ্চুপ হয়ে যায়। পরিবারের প্রত্যাশা, পরীক্ষার চাপ, ভবিষ্যতের অনিশ্চয়তা-এসবই তার মাথার ভেতর জমতে থাকে নীরবে। প্রশ্ন জাগে, আমরা কি সত্যিই ভালো আছি?
তরুণদের মাঝে এখন দেখা যাচ্ছে নানা ধরনের মানসিক চাপ। পড়াশোনা আর পরীক্ষার চাপ, ক্যারিয়ারের অনিশ্চয়তা, পরিবারের প্রত্যাশা, সম্পর্কের জটিলতা, আর্থিক সংকট-সব মিলিয়ে অনেকেই আজ প্রতিনিয়ত এই চাপ বয়ে বেড়াচ্ছেন।
এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন মেলানোর প্রবণতাও বেড়েছে অনেক। অন্যের সাফল্য দেখতে দেখতে নিজেকে ব্যর্থ ভেবে অনেকে নিজের অজান্তেই তৈরি করে ফেলেন এক গভীর মানসিক একাকিত্ব।
একা থাকা আর একাকিত্ব এক নয়। একজন মানুষ শত মানুষের ভিড়েও নিজেকে অনুভব করতে পারেন ভীষণ একা। মনের কথা বলার মতো কাউকে না পাওয়া, বললেও কেউ বুঝবে না-এমন ভয় থেকেই মানুষ কখনো কখনো নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নেয়।
মানসিক চাপ প্রতিনিয়ত আমাদের জীবনের ক্ষতি করে চলেছে নীরবে। ঘুমের সমস্যা, কাজে মন না বসা, কোনো কিছুতে আগ্রহ হারিয়ে ফেলা, অস্থিরতা, সবসময় ক্লান্ত লাগা-এসব হতে পারে তারই লক্ষণ। তবে এসব দেখে নিজে থেকে কোনো রোগ নির্ণয় করে ফেলা ঠিক নয়। প্রশ্ন হলো, এই ক্রমবর্ধমান মানসিক চাপ কি তরুণ সমাজকে ধীরে ধীরে ঠেলে দিচ্ছে এক গভীর সংকটের দিকে?
সমস্যা হলো, এত চাপের মধ্যেও আমরা নিজেকে বোঝাই, "এসব কিছুই না, সবারই তো এমন হয়।" এই ভাবনাগুলোই মানুষকে নিজের কষ্টের কথা প্রকাশ করতে ভয় পাইয়ে দেয়। নিজের কথা নিজেই ভাবার সাহসটুকু আমরা হারিয়ে ফেলি।
কারও পাশে দাঁড়ানোর শুরুটা হতে পারে খুব সহজ কিছু দিয়ে-মন দিয়ে কারও কথা শোনা, আর নিজের চাপের কথাগুলো কাউকে খুলে বলা। নিজের ভেতরের অনুভূতিকে অস্বীকার না করা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, নিয়মিত শরীরচর্চা করা, আর প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়া-এসবও সমান গুরুত্বপূর্ণ।
সবসময় ভালো থাকার অভিনয় করার দরকার নেই। কখনো কখনো "আমি ভালো নেই"-এই একটা কথা বলতে পারাও একধরনের সাহস।
“এই মন, এই টেনশন, এই আমরা”
মাইমুনা রহমান অঙ্কিতা
সমাজবিজ্ঞান বিভাগ
উপ-দপ্তর সম্পাদক, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখা।
ছোটবেলা থেকেই আমি খুব ভাবুক স্বভাবের। তুচ্ছ জিনিস নিয়েও ভাবতাম, আবার ভাবতাম মানুষ আমাকে নিয়ে কী ভাবছে। সমাজবিজ্ঞানের ভাষায় একে বলে সামাজিক উপলব্ধি বা "সোশ্যাল পারসেপশন"। তারপর যখন বিশ্ববিদ্যালয়ে এলাম, সেই ভাবনা যেন আরও বেড়ে গেল।
স্কুলজীবনের ভাবনাটা ছিল একরকম, অনেকটা কল্পনার জগতের। এখনো হয়তো তার কিছুটা রয়ে গেছে। তবে এখন সেই ভাবনার সঙ্গে যোগ হয়েছে আরেকটা জিনিস, চিন্তা যাকে ইংরেজিতে বলা যায় টেনশন। এটাও ভাবার বিষয়, এই টেনশন এল কোথা থেকে? না এসেই বা উপায় কী? বড় হয়েছি, দায়িত্ববোধের সঙ্গে পরিচয় হয়েছে, তাই টেনশন আসাটাও স্বাভাবিক।
এই টেনশনের রূপও বহুমাত্রিক, কোনো একটা মাত্র বিষয় নিয়ে নয়। তবে সব টেনশনই শেষে গিয়ে দাঁড় করায় একটা প্রশ্নের সামনে ভবিষ্যতে কী করব? কোথাও কি চাকরি হবে? ক্যারিয়ারের কী হবে? বাবা-মায়ের দায়িত্ব কি নিতে পারব, তাঁরা যেভাবে নিয়েছিলেন? তাঁদের মুখ রাখতে পারব, নাকি পড়াশোনার নামে শুধু তাঁদের টাকা জলাঞ্জলি দিচ্ছি?
তারপর যোগ হলো একাকিত্বের টেনশন। সারাজীবন কি একাই কাটবে? যার সঙ্গী আছে, সে কি শেষ পর্যন্ত পাশে থাকবে? পরিবার হলে তাদের দায়িত্ব কীভাবে নেব? সম্পর্কের মান কি ধরে রাখতে পারব?
আমরা তো মানুষ, চিন্তা করাটাই স্বাভাবিক। পৃথিবীতে হয়তো আমার মতো অনেক চিন্তাশীল মানুষ আছেন, যাদের চিন্তা গিয়ে রূপ নেয় টেনশনে। হয়তো তাদের টেনশন গিয়ে দাঁড়ায় অন্য কোনো পর্যায়ে। মনোবিজ্ঞান বলে, এক এক মানুষের চিন্তাধারা এক এক রকম। তাই আমিও আশা করি না, সবার টেনশন একরকম হবে। তবে সবার মিলনস্থল একটাই ভবিষ্যৎ।
টেনশন আবার মানুষকে অসুস্থও করে তোলে, জীবনের প্রতি তিক্ততা এনে দেয়। অনেকে তো হাল ছেড়েই দেয়। মাঝে মাঝে আমিও ভাবি, তাদের কি এই টেনশনের বেড়াজাল থেকে একটু মুক্তি দেওয়া যায় না? মাথায় আর কিছু না এলে শেষে তাদের সঙ্গে একটু গল্পই করি। বড় কোনো উৎসাহব্যঞ্জক বক্তৃতা লাগে না তার জন্য, শুধু কিছু মনের কথা আর একটু আন্তরিক আলাপ।
আজ হয়তো খুব টেনশন হচ্ছে, রাতে ঘুম আসছে না, কিছুই ভালো লাগছে না, জীবনটা এক কথায় তেজপাতা। তাতে কী? জীবন তো একটাই। একদিন না হয় এই টেনশনকে জলাঞ্জলিই দিলাম। জীবনটাকে একটু অন্য চোখে দেখি, টেনশন নামের চশমাটা খুলে রেখে। তবে চিন্তা করা একেবারে ছাড়া যাবে না। মাঝেমধ্যে এই চিন্তাই বরং রাতে ঘুমাতে সাহায্য করবে। যে যা-ই বলুক, মানুষের মন বলে কথা।
শিরোনাম : “হাসির আড়ালে যে নীরব মৃত্যুর ডাক”
রিশাদ চৌধুরী
অর্থনীতি বিভাগ।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
১৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:০৪।
সিলিং ফ্যানের এর সাথে ঝুলে নিথর হয়ে পড়ে ছিল একটা প্রাণ, পাশে চোখের জলে ভেজা শরীফার শেষ চিঠি যাতে লেখা ছিল জমে থাকা শত কষ্ট আর অভিমানের কথা। কয়েক ঘণ্টা আগেও যে মেয়েটা হাসিমুখে সবার সঙ্গে কথা বলছিল, তখন কি কেউ দেখতে পেয়েছিল তার হাসির আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার সত্যিটা?
এভাবেই হাসির আড়ালে একাকিত্ব, হতাশা আর মানসিক চাপ বয়ে বেড়াচ্ছেন শত শত মানুষ। সারাদিন হাসিমুখে থাকলেও দিনশেষে প্রশ্নটা রয়েই যায়, "আসলেই কি আমরা ভালো আছি?"
৪ মার্চ ২০২৫-এ প্রকাশিত প্রথম আলোর এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে দেশে প্রতিদিন গড়ে ৫৬ জন আত্মহত্যা করেছেন। প্রতি বছর দেশে গড়ে ১০ থেকে ১৫ হাজার মানুষ আত্মহত্যা করেন, যার একটি উল্লেখযোগ্য অংশ স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২০২৪ সালে ৩১০ এবং ২০২৫ সালে ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
এত হাসিমুখ আর বন্ধুদের ভিড়ের মাঝেও কেন এই শিক্ষার্থীরা বেছে নিচ্ছেন মৃত্যুর মতো চরম পথ? পারিবারিক অশান্তি, পড়াশোনা-ক্যারিয়ারের দুশ্চিন্তা, ফলাফলের হতাশা, প্রেমে ব্যর্থতা বা হয়রানি এসবকে কারণ হিসেবে দাঁড় করানো গেলেও প্রশ্ন থেকে যায়, আত্মহত্যা ছাড়া কি সত্যিই আর কোনো পথ ছিল না?
এর উত্তর খুঁজতে গেলে প্রথমে তাকাতে হয় আমাদের সামাজিক কাঠামোর দিকে, যেখানে মানসিক স্বাস্থ্য বলে যে কিছু আছে, সে বিষয়ে বেশিরভাগ পরিবার বা মানুষ এখনো সচেতন নন। শত মানুষের মাঝে থেকেও একজন মানুষ জড়িয়ে থাকতে পারেন একাকিত্বের জালে, আর সারাদিন হাসিমুখে থাকা মানুষটাও হয়তো হারিয়ে থাকেন হতাশার গভীর অন্ধকারে।
কিন্তু সেই শত বন্ধু বা আত্মীয়ের ভিড়ে এমন একজনকে পাওয়া কঠিন, যিনি এসে জিজ্ঞেস করবেন, "সত্যিই তুই ভালো আছিস তো?" হয়তো এই একটা প্রশ্নই একজন মানুষকে জীবনের সবচেয়ে বড় ভুল থেকে বাঁচিয়ে দিতে পারে। কথার আঘাত যেমন মনে গভীর ক্ষত তৈরি করে, তেমনই কথার মমতাতেই ভেঙে পড়া মানুষ ফিরে পেতে পারেন বাঁচার নতুন সাহস। যদি সেদিন শরীফা তার মনের কষ্ট আর অভিমানগুলো কাউকে বলতে পারত, হয়তো আজও সে আমাদের মাঝেই থাকত।
এই মৃত্যুর মিছিল থামাতে সবচেয়ে বেশি প্রয়োজন একজন কথা বলার মানুষ, আর দৃষ্টিভঙ্গির পরিবর্তন-সমাজের, পরিবারের, এবং নিজেরও। কারণ মৃত্যু কখনোই কোনো সমাধান নয়।
আজ মনে হতে পারে সবকিছু শেষ, আমাকে দিয়ে আর কিছুই হবে না। কিন্তু বন্ধু, মনে রেখো "It's never too late to start again"
“চাপ, একাকিত্ব ও আমরা: কেমন আছে আমাদের মন?”
সালমান এ. রহমান
মার্কেটিং বিভাগ
কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখা।
ক্লাসের ব্যাগ কাঁধে নিয়ে ছেলেটা রোজ হাসিমুখে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। কেউ জানে না, রাতে ঘুম না আসা প্রতিটা মুহূর্তে সে একা একা নিজেকে প্রশ্ন করে "আমি কি আসলেই পারব?" আমরা কি সত্যিই ভালো আছি, নাকি শুধু ভালো থাকার অভিনয় করে যাচ্ছি প্রতিদিন?
আজকালকার জীবনে চাপ আসে নানা দিক থেকে পড়াশোনা আর পরীক্ষার চাপ, ক্যারিয়ারের দুশ্চিন্তা, পরিবারের প্রত্যাশা, সম্পর্কের টানাপোড়েন, আর্থিক সংকট। এর সঙ্গে যোগ হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের ঝলমলে জীবনের সঙ্গে নিজেরটা মিলিয়ে দেখার অভ্যাস, আর ভবিষ্যৎ নিয়ে এক অজানা ভয়।
এখানে একটা কথা বলা দরকার একা থাকা আর একাকিত্ব এক জিনিস নয়। অনেকে মানুষের ভিড়ে থেকেও ভেতরে ভেতরে অনুভব করেন গভীর একাকিত্ব। এই অনুভূতি চোখে দেখা যায় না, তবে ধীরে ধীরে ক্লান্ত করে তোলে মনকে ঘুম কমে আসে, মনোযোগ হারিয়ে যায়, কোনো কিছুতে আগ্রহ থাকে না, সবসময় একটা অস্থিরতা কাজ করে ভেতরে। তবে এসব লক্ষণ দেখে নিজে থেকে কোনো রোগ নির্ণয় করাটা ঠিক নয়।
সমস্যা হলো, আমাদের সমাজ এখনো এসব নিয়ে খোলাখুলি কথা বলতে অভ্যস্ত নয়। "এত ভাবার কী আছে", "সবারই তো সমস্যা আছে" এমন কথায় মানসিক কষ্টকে দুর্বলতা ভাবা হয়, ফলে মানুষ নিজের অনুভূতি লুকাতেই শিখে যায়।
তাহলে আমরা কী করতে পারি? শুধু "শক্ত থাকো" বলা যথেষ্ট নয়। বিশ্বস্ত কারও সঙ্গে মন খুলে কথা বলা, পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে একটু দূরে থাকা, আর প্রয়োজনে কাউন্সেলরের সাহায্য নেওয়া এই ছোট ছোট পদক্ষেপগুলোই হতে পারে শুরুর জায়গা।
সবসময় ভালো থাকার অভিনয় করার দরকার নেই। কখনো কখনো "আমি ভালো নেই" বলাটাও সাহসের।
মতামত