ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। পরে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলনে করেন আইসিটি বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনহা ভবনের করিডোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় আইসিটি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদ, শামীম ও সিয়ামসহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, মঙ্গলবার ক্যাম্পাস থেকে কুষ্টিয়াগামী গোধূলী বাসে বাংলা বিভাগের হৃদয় ও আইসিটি বিভাগের আবু সাইদের মধ্যে হাতাহাতি হয়। পরদিন বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সভাপতিত্বে প্রক্টোরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা, বাংলা ও আইসিটি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এক জরুরি সভা হয়। পরে সভা শেষে প্রক্টর অফিসের বাহিরে দুই বিভাগের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাংলা বিভাগের শিক্ষার্থীদের হামলায় আইসিটি বিভাগের অধ্যাপক ড. শরিফুল ইসলাম ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাইদ গুরুতর আহত হন৷
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার, স্থায়ী বহিষ্কার, নিরপরাধ ব্যক্তিদের না জড়ানোসহ বিভিন্ন দাবি জানান। এ সময় ঘটনার সঙ্গে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আবেগ, ২২-২৩ শিক্ষাবর্ষের চয়েস কুমার বিশ্বাস ও একই বর্ষের রনি, জলপাই কালারের শার্ট পরা এক শিক্ষার্থীসহ আরও অজ্ঞাত ১০-১৫ জন জড়িত থাকার প্রমাণ পেয়েছে বলে দাবি করেন তারা।
আইসিটি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ বলেন, ‘গতকালকে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ আমরা প্রক্টর অফিসে সমাধানের জন্য গিয়েছিলাম। দুই পক্ষের যুক্তি ও তথ্য বিশ্লেষণ করে তারা সমাধান করে দেন। মিটিং শেষে অফিস থেকে বের হওয়ার সময় বাংলা বিভাগের শিক্ষার্থীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমাদের শিক্ষকদের শরীরেও হাত তোলে। এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া তৃতীয় পক্ষের কোনো ব্যক্তিকে শাস্তির আওতায় না আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।'
মতামত