জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের ২১তম ব্যাচের নবীন বরণ ও ১৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আউটকাম বেজড এডুকেশন (OBE) কারিকুলাম বাধ্যতামূলক করার পর ইতিহাস বিভাগই প্রথম এ কারিকুলাম প্রণয়ন করেছে। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে একই সময়ে ক্লাস শুরু এবং সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার চালু করা হয়েছে বলেও জানান তিনি।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, নতুন পথচলায় নিজেদের মেধা, যোগ্যতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে ক্যারিয়ার গঠনে মনোযোগী হতে হবে। পাশাপাশি সমাজ ও দেশের জন্য ইতিবাচক অবদান রাখার মতো কাজ করার আহ্বান জানান তিনি।
ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সঠিক ও বস্তুনিষ্ঠ ইতিহাস বিনির্মাণে ইতিহাস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে ইতিহাসের পাশাপাশি ইংরেজি, তৃতীয় কোনো ভাষা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধান আলোচক ড. মোহাম্মদ জকরিয়া শিক্ষার্থীদের গবেষণামুখী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শুধু পরীক্ষার প্রশ্নের উত্তর খোঁজার মধ্যে শিক্ষার্থীদের সীমাবদ্ধ থাকলে চলবে না। নতুন প্রশ্ন উত্থাপন এবং তার উত্তর অনুসন্ধানের মানসিকতা তৈরি করতে হবে। ইতিহাসের শিক্ষার্থীদের গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টিতে ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।
ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. নাছির আহ্মাদ ও অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. মোছাঃ খোদেজা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান মফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রথমবারের মতো ইতিহাস বিভাগের কৃতী শিক্ষার্থীদের একাডেমিক ‘রোল অব অনার’ প্রদান করা হয়। নবীন ও বিদায়ী শিক্ষার্থীদেরও ক্রেস্ট দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মতামত