“শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় তাড়াইল উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার।
বক্তব্যে ইউএনও তানজিলা আখতার বলেন, “একজন শিক্ষকই পারেন একটি জাতিকে আলোকিত করতে। শিক্ষকরা শুধু পাঠদান করেন না, তারা মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।”
তিনি বলেন, শিক্ষকদের যথাযথ মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরও উন্নত হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনা সভায় শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা, দায়িত্ব ও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে তাড়াইল উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শতাধিক শিক্ষক অংশ নেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় শিক্ষকরা নিজেদের পেশার মর্যাদা ও অধিকার নিয়ে প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত