ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা তুলে ধরে টানানো ব্যানার খুলে ফেলার প্রায় ২০ ঘণ্টার মধ্যে ফের ব্যানার টানিয়েছে শাখা ছাত্রশক্তির নেতাকর্মীরা। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলায় ব্যানারটি টানানো হয়। এর আগে সোমবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে একই ব্যানার টানিয়েছিল সংগঠনটি। পরে রাত সাড়ে ৭টার পর থেকে ব্যানারটি সেখানে দেখা যায়নি বলে অভিযোগ সংগঠনটির।
ছাত্রশক্তির নেতাকর্মীদের দাবি, ব্যানার টানানোর পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের জানানো হয়, অনুমতি ছাড়া ক্যাম্পাসে কোনো ব্যানার টানানো যাবে না। একই সঙ্গে এক ঘণ্টার মধ্যে ব্যানারটি খুলে নিতে বলা হয়। নির্ধারিত সময় পর সংগঠনটির নেতাকর্মীরা ঝাল চত্বরে গিয়ে ব্যানারটি দেখতে পাননি। কে বা কারা ব্যানারটি খুলে নিয়ে গেছে, তা এখনো জানা যায়নি বলে দাবি তাদের। এ ঘটনার পর ফের ব্যানারটি টানায় সংগঠনটি।
সংগঠনটির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ‘জুলাই অভ্যুত্থানের চেতনায় আমরা রাজপথে নেমেছিলাম। আমাদের প্রত্যাশা ছিল একটি মুক্তচিন্তার ও গণবান্ধব ক্যাম্পাস নির্মাণ করা। একটি ব্যানার টানানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিতে হবে—এটা কেমন নিয়ম? একটি ব্যানার অপসারণের মাধ্যমে কখনোই সাধারণ মানুষের বুকে জমে থাকা ক্ষোভ দূর করতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই-পরবর্তী সময়ে প্রতিটি ছাত্র সংগঠনকে নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে। প্রশাসন আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। কোনো শোকজ বা বহিষ্কারে আমরা ভীত নই। আমাদের ব্যানারটি আবার খুলে ফেললে এর বিচার বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী ও বাংলাদেশের জনগণের কাছে দেব।’
মতামত