উচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেতে যাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাত শিক্ষার্থী। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত চূড়ান্ত তালিকায় ২০১৯ ও ২০২০ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির সাত শিক্ষার্থীর নাম রয়েছে। তবে ২০২১ শিক্ষাবর্ষের তালিকায় নোবিপ্রবির কোনো শিক্ষার্থী স্থান পাননি।
গত ৫ অক্টোবর ইউজিসি ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদকের মোট ৪৬৯ জন মনোনীত শিক্ষার্থীর তালিকা প্রকাশ করে। এতে নোবিপ্রবির ২০১৯ শিক্ষাবর্ষের তিনজন এবং ২০২০ শিক্ষাবর্ষের চারজন শিক্ষার্থী রয়েছেন।
ইউজিসির তালিকা অনুযায়ী, ২০১৯ শিক্ষাবর্ষে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শুভদ বাবু সেন অমিত, অর্থনীতি বিভাগের নাজমুল হাসান এবং কৃষি বিভাগের বেলায়েত হোসেন।
২০২০ শিক্ষাবর্ষে মনোনীত চার শিক্ষার্থী হলেন—কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শতাব্দী রায় মুন, অর্থনীতি বিভাগের রাজিয়া সুলতানা, ব্যবসায় প্রশাসন বিভাগের মোসাররা চৌধুরী এবং কৃষি বিভাগের মো. ইশতিয়াক হোসেন জয়।
নোবিপ্রবির সাত শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন তাঁদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা, গবেষণা ও কর্মজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে কৃতী গ্র্যাজুয়েটদের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
মতামত