ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালনকারী অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমানের মেয়াদ শেষ হওয়ায় তার স্থলে অধ্যাপক ড. আব্দুস সামাদকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী ৮ অক্টোবর ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে আরও বলা হয়, এ দায়িত্ব পালনের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। এছাড়া দীর্ঘদিন আন্তরিকতার সাথে প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করায় অধ্যাপক এ. টি. এম. মিজানুর রহমানকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।
নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুস সামাদ বলেন, ‘হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য আনন্দ ও এক গভীর দায়িত্ববোধের বিষয়। আমি বিশ্বাস করি, একটি আবাসিক হল শুধু শিক্ষার্থীদের আবাসস্থল নয়, এটি তাদের নৈতিকতা, শৃঙ্খলা, নেতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপদ ও সুন্দর আবাসিক পরিবেশ এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই।’
মতামত