নতুন কোনো দাবি নয়, দীর্ঘদিনের প্রশাসনিক উদ্যোগ ও গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়নের দাবিতে ‘দোহাজারী-সাঙ্গু’ উপজেলা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
আগামী শনিবার, ১০ অক্টোবর ২০২৬, বিকেল ৩টায় দোহাজারী হাজারী শপিং সেন্টার চত্বরে ‘দোহাজারীর সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, দোহাজারী দক্ষিণ চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র। সড়ক ও রেল যোগাযোগের পাশাপাশি সাঙ্গু (শঙ্খ) নদীঘেঁষা এ জনপদের রয়েছে দীর্ঘ ইতিহাস ও স্বতন্ত্র ঐতিহ্য। দোহাজারীকে কেন্দ্র করে একটি পৃথক উপজেলা প্রতিষ্ঠার দাবি স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং বৃহৎ জনগোষ্ঠীর নাগরিক সেবা সহজ করার জন্য এ উদ্যোগ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয় জনগণের দাবি, প্রস্তাবিত উপজেলার নাম ‘দোহাজারী-সাঙ্গু’ রাখা হলে দোহাজারীর ঐতিহাসিক পরিচয় ও সাঙ্গু নদীর ভৌগোলিক গুরুত্ব একই সঙ্গে প্রতিফলিত হবে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে স্থানীয় জনগণ এ দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, এ কর্মসূচি কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক স্বার্থের জন্য নয়। এটি দোহাজারীর ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক গুরুত্ব এবং সাধারণ মানুষের প্রশাসনিক অধিকার প্রতিষ্ঠার একটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উদ্যোগ।
মানববন্ধনকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে আয়োজকদের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আইনবিরোধী, রাষ্ট্রবিরোধী বা উসকানিমূলক কোনো বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
আয়োজকরা দোহাজারী পৌরসভাসহ সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের জনগণ, সামাজিক সংগঠন, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
দোহাজারীবাসীর প্রত্যাশা একটাই—নতুন কোনো দাবি নয়, গৃহীত উদ্যোগের দ্রুত বাস্তবায়ন। ‘দোহাজারী-সাঙ্গু’ উপজেলা চাই।
মতামত