পোশাক নিয়ে এক শিক্ষার্থীকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে পাঠদান থেকে অব্যাহতি দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠনটি বলেছে, তিনি ‘রাজনৈতিক প্রোপাগান্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার’ শিকার। পুরো ঘটনাটিকে ‘পূর্বপরিকল্পিত’ বলে আখ্যা দিয়েছে তারা।
শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ কথা জানায়। তারা বলেছে, তাসনিম সিরাজ মাহবুব দীর্ঘদিন ধরে একটি ঘৃণাবাদী গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। তাকে বিপদে ফেলে মাথা নত করাতেই এই অপপ্রচার চালানো হচ্ছে। এটি বিদ্যায়তনিক স্বাধীনতাকে পরাভূত করার আয়োজন।
তাসনিম সিরাজকে পাঠদান থেকে অব্যাহতির সিদ্ধান্তকে ‘বিধিবহির্ভূত’ বলেছে নেটওয়ার্কটি। একই সঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।
পরিচয় যাচাইয়ের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের মুখমণ্ডল প্রদর্শনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে শিক্ষকদের এই সংগঠনটি। এ ছাড়া অনুমতি ছাড়া শিক্ষকের বক্তব্যের খণ্ডিত অংশ অনলাইনে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেছে তারা।
শিক্ষক নেটওয়ার্ক বলেছে, শিক্ষার্থীর মানসিক যন্ত্রণা ও অপমানবোধের কারণ হতে পারে, এমন আচরণের বিরোধী আমরা। এ ক্ষেত্রে সেটির ব্যত্যয় হয়ে থাকতে পারে।
তবে ঘটনাটিকে ধর্মকে হাতিয়ার বানিয়ে জনপরিসরে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছে সংগঠনটি। তাদের বক্তব্য, মিথ্যা তথ্য ছড়িয়ে তাসনিম সিরাজ মাহবুবকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি তোলা ব্যক্তিদেরই প্রচলিত আইনে শাস্তি হওয়া উচিত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪-এর গণ-অভ্যুত্থানের পর একটি উগ্র গোষ্ঠীর উত্থান ঘটেছে। তারা উদারপন্থী শিক্ষকদের হেনস্তা করছে। এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়েও প্রায় একই ধরনের একটি ঘটনায় মব তৈরি করে দুজন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রী সংস্থা সেই ভূমিকা নিয়েছে বলে অভিযোগ করেছে নেটওয়ার্কটি। তারা বলেছে, দ্রুততম সময়ে বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে। এতে মনে হচ্ছে ঘটনাটি পূর্বপরিকল্পিত।
মতামত