জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেমিস্টার পরীক্ষার সময় বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষার্থীদের ভোগান্তির কথা তুলে ধরে ক্যাম্পাসে সৌরবিদ্যুৎ প্রকল্প চালুর দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক কে এম মাহমুদ হাসান।
সোমবার (১২ অক্টোবর) তাঁর নেতৃত্বে এ দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
‘সৌরবিদ্যুৎনির্ভর ক্যাম্পাস গড়ি, বিদ্যুৎ সাশ্রয় করি—টেকসই বাংলাদেশের পথে এগিয়ে চলি’ স্লোগান সামনে রেখে দেওয়া স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত ভবনগুলোর ছাদে সৌর প্যানেল স্থাপন করে পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।
স্মারকলিপি দেওয়ার সময় কে এম মাহমুদ হাসান বলেন, দেশের চলমান বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় সৌরবিদ্যুৎ একটি টেকসই বিকল্প হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানও বিদ্যুৎ সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে সৌরবিদ্যুৎ প্রকল্পের ওপর গুরুত্ব দিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের বিষয়টিও তিনি তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি তুলে ধরে মাহমুদ হাসান বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যাচের সেমিস্টার পরীক্ষার সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অনেক ভবন রয়েছে, যেগুলোর ছাদে সৌর প্যানেল স্থাপন করে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করা সম্ভব। এতে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ তৈরি হতে পারে।
স্মারকলিপিতে প্রকল্প বাস্তবায়নের আগে উপযুক্ত ভবন নির্বাচন, সম্ভাব্যতা যাচাই ও কারিগরি সমীক্ষা পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রকল্পের সম্ভাব্য ব্যয়, বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ এবং দীর্ঘ মেয়াদে ব্যয় সাশ্রয়ের হিসাব নিরূপণের কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে এক বা একাধিক ভবনে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করে পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাসে সম্প্রসারণের প্রস্তাবও রয়েছে।
এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়েছে স্মারকলিপিতে। এতে বলা হয়, সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
মতামত