কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় দীপক সাহা (৬৮) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে নগরীর নজরুল এভিনিউ সড়কে জামান মেডিকেল হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীপক সাহা কান্দিরপাড় এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকার মতিঝিল শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছর তিনি অবসরে যান।
জামান মেডিকেল হলের স্বত্বাধিকারী দ্বীপ সাহা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর দীপক সাহাসহ কয়েকজন তাঁর দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে আটটার দিকে দোকান থেকে বের হয়ে সড়কে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে অটোরিকশাটির চাকা তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাশের ট্রমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান দ্বীপ সাহা।
দ্বীপ সাহা আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন অটোরিকশাটির চালক ইব্রাহিমকে আটক করে দোকানে রাখেন। পরে পুলিশ এসে তাঁকে নিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাজিব মজুমদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। অটোরিকশাচালক ইব্রাহিমকে আটক করে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মতামত