"টুগেদার ফর আ বেটার ফিউচার" স্লোগানকে সামনে রেখে রূপদিয়া অঞ্চলের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৫ জন এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ১১ জন শিক্ষার্থীর সাফল্য মূল্যায়নে 'কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬' অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রূপদিয়ার মুন্সী কমিউনিটি সেন্টারে পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রূপদিয়া (পুসার)-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পুসারের আহ্বায়ক ড. মাইনুল হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রূপদিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আরিফুজ্জামান খন্দকার, জিরাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু জাফর সিদ্দিক, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক বি. এম. জহুরুল পারভেজ এবং পুসারের উপদেষ্টা ইকরামুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমীন, শাঁখারীগাতী মহিলা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এ.বি.এম. ফারুক হোসাইন, রূপদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুজ্জামান মিলন এবং পুসারের সদস্য সচিব ফাহিম শাহরিয়ার।
পুসারের কার্যনির্বাহী সদস্য ফাতেমা জান্নাত সাবরিন ও ইশতিয়াক আহমেদের যৌথ পরিচালনায় সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, রূপদিয়া অঞ্চলের শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করা এবং উচ্চশিক্ষায় অগ্রগামী হতে উৎসাহিত করার লক্ষ্যেই প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনটির পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
মতামত