রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে আজ শুক্রবার বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী '৬ষ্ঠ ডিপ্লোমা সামিট ২০২৬' অনুষ্ঠিত হয়েছে। সামিটে ডিপ্লোমা প্রকৌশলীদের ক্যারিয়ার, উচ্চশিক্ষা এবং আদর্শ জীবন গঠন নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলামীর উদ্বোধনী বক্তব্য ও সামিটের ওভারভিউয়ের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর আন-নাহলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাও. রফিকুল ইসলাম মিয়াজী দারসুল কুরআন পেশ করেন। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা ও গুরুত্বপূর্ণ হেদায়েতি বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম।
সামিটের অন্যতম আকর্ষণ ছিল 'ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার ভাবনা ও জব অপরচুনিটি' শীর্ষক প্যানেল আলোচনা। দীর্ঘ এই পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইরফানুল হাসান সাকিব ও ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ, এলজিইডির (LGED) সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাহিদুল হাসান, মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের সভাপতি মো. সোহেল রানা, ন্যাশনাল ডিপ্লোমা ডক্টরস ফোরাম (NDDF)-এর সেক্রেটারি জেনারেল মো. এম রহমান বাপ্পি এবং FDEB নেতৃবৃন্দ।
অন্যান্য গুরুত্বপূর্ণ সেশনের মধ্যে 'সময় ব্যবস্থাপনা, ভারসাম্যপূর্ণ জীবন ও ডুয়েট প্রস্তুতি' নিয়ে আলোচনা করেন ডুয়েট শাখার সভাপতি তাসনীম আলম। 'আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা' শীর্ষক সেশনে বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ শিবলী।
এছাড়া, 'বিদেশে উচ্চ শিক্ষায় ডিপ্লোমা শিক্ষার্থীদের সুযোগ ও সম্ভাবনা' নিয়ে বিস্তারিত গাইডলাইন প্রদান করেন ডুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ জয়নাল আবেদীন। 'ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্ক্ষিত মান' বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ।
পরিশেষে হাফেজ ইউসুফ ইসলামীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজিত এই বর্ণাঢ্য সামিটের সমাপ্তি ঘোষণা করা হয়।
মতামত