মেলবোর্নে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হাত ভেঙে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের চলমান সাদা বলের সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন উইল জ্যাকস। দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে,এই অলরাউন্ডার সিরিজের আর কোনো ম্যাচে অংশ নিতে পারবেন না। তার পরিবর্তে কাকে দলে নেওয়া হবে, তা পরবর্তীতে জানানো হবে।
গতকাল সিরিজের প্রথম ম্যাচে অজিদের কাছে সফরকারীদের তিন উইকেটে হারের দিন বোলিং করার সময় জ্যাকস আঘাত পান। বল করার পর ফলো-থ্রুতে ক্যাচ ধরার প্রচেষ্টার সময় বেন ডোয়ারশুইসের একটি শট তার হাতে আঘাত করে। নিজের তৃতীয় ওভার করার সময় জ্যাকসের বোলিং হাতে আঘাত লাগে; দৃশ্য দেখে মনে হচ্ছিল তার আঙুলের মাঝের চামড়া ফেটে গেছে। ফিজিও এসে তাকে পরীক্ষা করেন এবং প্রচণ্ড ব্যথায় কাতর জ্যাকস মাঠ ছাড়তে বাধ্য হন।
হেনরি ক্রোকম্ব তার ওভারের শেষ দুটি বল করেন। এরপর শেষ ওভারে জয়ের জন্য ১১ রান ডিফেন্ড করতে পারেননি স্যাম কারান। জ্যাক এডওয়ার্ডস ওভারের পঞ্চম বলে একটি বাউন্ডারি হাঁকান। এর মাধ্যমে ইংলিশদের বিপক্ষে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড (১৮৮ রান) গড়ে ওঠে। পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) কুইন্সল্যান্ডে অনুষ্ঠিত হবে।
মতামত