হাসপাতাল চালু ও একাডেমিক কার্যক্রমের দাবিতে অষ্টম দিনের মতো আন্দোলনে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা
হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিতকরণ এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী টানা অষ্টম দিনের মতো আন্দোলন কর্মসূচি পালন করেছেন।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজের প্রধান ফটকে ‘Shut Down’ ব্যানার টাঙিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এ সময় তারা একাডেমিক ভবনে কোনো শিক্ষক বা কর্মচারীকে প্রবেশ করতে না দিয়ে তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সহযোগিতা করার আহ্বান জানান।
কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসীও সংহতি প্রকাশ করে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানান।
সমাবেশে বক্তব্য দেন সিনিয়র ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ, সুরাইয়া আক্তার স্মৃতি, সাইদুল ইসলাম সাকিব, পিয়াশ চন্দ্র দাস ও পৃথ্বীরাজ চৌধুরীসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, হাসপাতাল দ্রুত চালু, নিয়মিত একাডেমিক কার্যক্রম নিশ্চিত এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
উল্লেখ্য, গত রোববার থেকে এসব দাবিতে ক্লাস বর্জন করে ধারাবাহিকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
মতামত