তাহিরপুর সীমান্তে মদ-বিয়ার ও বৈদেশিক মুদ্রাসহ নারী আটক, তিনজনের বিরুদ্ধে মামলা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চাঁনপুর সীমান্তসংলগ্ন এলাকায় বিদেশি মদ, বিয়ার, বাংলাদেশি টাকা ও বৈদেশিক মুদ্রাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আটক নারীসহ তিনজনের বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত জামেনা খাতুন উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারেক টিলা গ্রামের আলী রহমানের স্ত্রী। মামলার অপর দুই আসামি একই গ্রামের রফিকুল ইসলাম ও সাদির মিয়া। তারা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে চাঁনপুর সীমান্তসংলগ্ন বড়গোপ টিলা এলাকায় জামেনা খাতুনের বসতঘরে বিদেশি মদ ও বিয়ার বিক্রির খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে অভিযান চালায়। এ সময় জামেনা খাতুনকে আটক করা হলেও তার দুই সহযোগী পালিয়ে যান। পরে খবর পেয়ে ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আটক নারী ও জব্দকৃত আলামত থানায় নিয়ে আসেন।
পুলিশ জানায়, জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে ১৭ বোতল বিদেশি মদ, ১৪ ক্যান বিয়ার, নগদ বাংলাদেশি টাকা এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা।
রোববার সকালে ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে তাহিরপুর থানায় মামলা দায়ের করেন। পরে দুপুরে গ্রেফতারকৃত জামেনা খাতুনকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, স্থানীয় জনতার সহযোগিতায় অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। জব্দকৃত সব আলামত পুলিশ হেফাজতে রয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত