দেশে একটু ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতা যেন নিত্যদিনের দৃশ্য। তখন আমরা প্রায় সবাই সরকারের সমালোচনায় মুখর হয়ে উঠি। নিঃসন্দেহে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত ড্রেন পরিষ্কার এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু প্রশ্ন হলো—সমস্যাটির জন্য কি শুধুই সরকার দায়ী, নাকি আমাদেরও কিছু দায় রয়েছে?
স্বাধীন দেশে বাস করি বলেই কি আমরা যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার স্বাধীনতা পেয়ে গেছি? রাস্তায়, ড্রেনে কিংবা খাল-বিলে নির্বিচারে প্লাস্টিক ও বর্জ্য ফেলার ফলে ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। ফলস্বরূপ, বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এরপর সেই দুর্ভোগের জন্য আমরা সম্পূর্ণ দায় চাপিয়ে দিই সরকারের ওপর। এদিকে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বায়ুতে ক্ষতিকর উপাদান বেড়ে যাওয়ার নানা স্বাস্থ্যঝুঁকিতে মানুষ রয়েছে । ঢাকার বাতাসে শ্বাস নেওয়া মৃত্যুকে আলিঙ্গন করার সমান।
হ্যাঁ, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী রয়েছে। কিন্তু শুধু তাদের ওপর নির্ভর করলেই কি একটি শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব? একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের কি কোনো দায়িত্ব নেই?
উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যায়, সেখানে নাগরিকরা নিজেরাই পরিচ্ছন্নতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা যেখানে-সেখানে ময়লা ফেলেন না, পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল থাকেন এবং নিজেদের নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন। উন্নত রাষ্ট্র গড়ার পেছনে এই নাগরিক সচেতনতাও একটি বড় কারণ।
তাহলে সমাধান কী?
আইন, জরিমানা কিংবা সরকারি উদ্যোগ—এসব অবশ্যই প্রয়োজন। কিন্তু মানুষের মধ্যে যদি দায়িত্ববোধ না থাকে, তাহলে শুধু সরকারি পদক্ষেপে স্থায়ী সমাধান সম্ভব নয়। নিজের আশপাশ পরিষ্কার রাখা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, প্লাস্টিক ও অন্যান্য দূষণকারী বস্তু জলাশয়ে না ফেলা—এসব অভ্যাস আমাদের নিজেদেরই গড়ে তুলতে হবে।
ইসলামে পরিচ্ছন্নতাকে ঈমানের অংশ বলা হয়েছে। কিন্তু আমরা কি সত্যিই সেই শিক্ষাকে দৈনন্দিন জীবনে ধারণ করি? নিজের বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, নদী-খাল-বিলে প্লাস্টিক না ফেলে জলজ জীববৈচিত্র্য রক্ষা করা এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করা—এসব শুধু ব্যক্তিগত নয়, নাগরিক কর্তব্যও।
একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও উন্নত রাষ্ট্র গড়তে সরকার ও নাগরিক- উভয়ের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। শুধু অভিযোগ নয়, সচেতনতা, দায়িত্ববোধ এবং নিজ নিজ অবস্থান থেকে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমেই আমরা গড়ে তুলতে পারি একটি সুন্দর, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ।
মতামত