মণিরামপুরের কপালিয়ায় 'স্বপ্ন সিঁড়ি'র ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
যশোরের মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কপালিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন সিঁড়ি'-র উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী, সাংস্কৃতিক সন্ধ্যা ও গুরুত্বপুর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের অগ্রযাত্রাকে আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে আয়োজিত এ সভায় ১৯৯৫ সালের ব্যাচ থেকে শুরু করে বর্তমান সময়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সার্বিক বিষয় ও সংগঠনের আগামী দিনের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে সমাজ উন্নয়নমূলক কাজে অবদান রাখার আহ্বান জানান।
সভায় উপস্থিত সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ পথচলার এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ‘সবাইকে একসূত্রে বেঁধে স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া’—এই লক্ষ্যকে সামনে রেখে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সকল সদস্য, প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে সর্বদা 'স্বপ্ন সিঁড়ি'-র পাশে থাকার আহ্বান জানান।
মতামত