ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারসংলগ্ন কাঁচামাটিয়া নদীর ওপর নির্মিত সেতুর নিচের ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (প্রায় ২৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে এবং নিহতের পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ওই যুবককে কুপিয়ে হত্যা করে মরদেহটি সেতুর নিচের ঝোপে ফেলে রেখে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এলাকাবাসী সেতুর পাশের ঝোপে মরদেহ পড়ে থাকতে দেখে ঈশ্বরগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে এসআই মুকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং পরে মরদেহ থানায় নিয়ে যান।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত যুবকের মাথার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং ঘাড়ে প্রায় ৬ ইঞ্চি গভীর কোপের দাগ পাওয়া গেছে। এসব আলামত হত্যাকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসী জানান, কয়েক দিন ধরে ওই যুবককে উচাখিলা বাজার ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি কখনো নদীতে মাছ ধরতেন, আবার কখনো নদী থেকে শাক তুলে বাজারে বিক্রি করতেন। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার পরিচয় এবং হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ লক্ষ্যে ময়মনসিংহ থেকে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ ও পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি রবিউল আজম বলেন, নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত