ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আব্দুল কাদেরসহ কয়েকজনের বিরুদ্ধে। গত ২১ নভেম্বর (শনিবার) সকালে ওই উপজেলার ৭ নম্বর রাতোর ইউনিয়নের বাহেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে আরো ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আব্দুল হাকিম।
অভিযোগ সূত্রে জানা গেছে, গরকতগাঁও এলাকার বাসিন্দা আব্দুল হাকিম দীর্ঘদিন ধরে পৈতৃক সূত্রে পাওয়া ওই জমি ভোগদখল করে আসছেন। হঠাৎ (২১ নভেম্বর) প্রতিপক্ষ আব্দুল কাদেরসহ কয়েকজন জমিটি নিজেদের দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিলে ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেয়। উপায় না পেয়ে প্রতিপক্ষ আব্দুল কাদেরসহ কয়েকজনের বিরুদ্ধে রাণীংশকৈল থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী আব্দুল হাকিম।
অভিযুক্তরা তারা হলো-মো. আ. কাদের (৫০), মো. এনামুল হক (৪৭), মো. রমজান আলী (৩০), মো. ইয়াশিন আলী (৩২), মো. জয়নুল হক (৬০), মো. রেজাউল হক (৫৫), মো. শামসুল হক (৫৮), মো. আমিরুল হক (৫৬), মো. ইলিয়াশ আলী (৩২), মো. আ. হাকিম (৫০), মো. শাহাজত আলী (৪৫), মো. আনারুল ইসলাম (৬০), মো. হাফিজুল ইসলাম (৫০) ও মো. ইসলাম (৪৮)। তারা সবাই রাতোর ইউনিয়নের গরকতগাঁও এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী আব্দুল হাকিমের অভিযোগ , বাহেরপাড়া মৌজার ৪৪৪ নম্বর দাগে, এসএ রেকর্ডের ৩১ নম্বর খতিয়ানের মালিক মফিজ উদ্দিন ও অফিল উদ্দিনের কাছ থেকে ১৯৭১ সালে তার বাবা ও চাচা ৫৮ শতক জমির মধ্যে ৩৬ শতক কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন। পরবর্তীতে মাঠ জরিপে তাদের নামে মাঠপর্চা হয় এবং ওই মৌজার চূড়ান্ত প্রকাশনা শেষে গেজেটও প্রকাশিত হয়। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জমিটি দখলের চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। বিষয়টি প্রশাসন সমাধানে সাহায্য না করলে যে কোন সময় হতাহতের ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে প্রতিপক্ষ আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই জমিটি পৈতৃক সম্পত্তি। বন্টনে শরিকরা সবাই পাওয়ার কথা। কিন্তু কৌশলে আব্দুল হাকিম ওই জমি তার নিজের নামে নিয়ে কাগজ করেছেন। আমরাও থানায় অভিযোগ করেছি পুলিশ তদন্ত করবেন বলে জানিয়েছেন। আমরা চাই জমির ভাগ।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মতামত