ঈশ্বরগঞ্জ উপজেলার অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রায়বাজার। প্রতিদিন আশপাশের অসংখ্য গ্রামের কৃষক, ব্যবসায়ী, শ্রমিক ও ক্রেতাদের পদচারণায় মুখর থাকে এই বাজার। ধান, চাল, সবজি, মাছ, গবাদিপশু ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বেচাকেনাকে ঘিরে প্রতিদিন এখানে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়। বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে পরিবহন, গুদামজাতকরণ, ক্ষুদ্র শিল্প, হোটেল-রেস্তোরাঁসহ নানা সেবাখাত। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজারো মানুষের জীবিকা নির্ভর করছে এই বাজারকে ঘিরেই। অথচ সেই অর্থনীতির প্রাণকেন্দ্রের প্রধান সড়কটি আজ অব্যবস্থাপনা ও দীর্ঘদিনের অবহেলায় কার্যত কঙ্কালসার রূপ নিয়েছে।
সরেজমিনে দেখা যায়, সরকারি রেকর্ডে প্রশস্ত হিসেবে উল্লেখ থাকা সড়কের বড় একটি অংশ এখন আর খুঁজে পাওয়া যায় না। তদারকি ও অব্যবস্থাপনায় সড়কের প্রস্থ হারিয়ে গিয়ে কোথাও কোথাও তা সরু গলিতে পরিণত হয়েছে। প্রায় অর্ধকিলোমিটার এই গুরুত্বপূর্ণ সড়কজুড়ে অসংখ্য গর্ত, কাদা ও জমে থাকা পানির কারণে চলাচল কার্যত দুর্বিষহ। সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদার সাগরে পরিণত হয়। পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করেন, আর মোটরসাইকেল, রিকশা ও ভ্যানচালকদের প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে পথ পাড়ি দিতে চায় না।
স্থানীয়দের অভিযোগ, সরকারি রাস্তার জমি দখলই এ সংকটের মূল কারণ। রাস্তার জায়গা দখল করে কোথাও ভবন, কোথাও টিনশেড, কোথাও সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। আবার প্রভাবশালী একটি মহল সরকারি রাস্তার অংশ নিজেদের সম্পত্তির সঙ্গে একীভূত করে ফেলেছে বলেও অভিযোগ রয়েছে। দীর্ঘদিন সীমানা পুনর্নির্ধারণ না হওয়া এবং কার্যকর উচ্ছেদ অভিযান না থাকায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।
ভুক্তভোগীরা জানান, প্রতিদিন হাজারো মানুষ এই পথ ব্যবহার করতে না পেরে বিকল্প দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে বাধ্য হন। এতে সময় ও অর্থ—দুইয়েরই অপচয় হচ্ছে। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। স্থানীয়দের দাবি, অতীতে জরুরি রোগীকে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব না হওয়ায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবার যানবাহনের প্রবেশও বাধাগ্রস্ত।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, যোগাযোগ ব্যবস্থার এমন বেহাল অবস্থার কারণে রায়বাজারের ব্যবসা-বাণিজ্যও ক্ষতির মুখে পড়ছে। বাজারে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে, বাড়ছে পরিবহন ব্যয়, কমছে ক্রেতাদের আগমন। ফলে এই অঞ্চলের অর্থনৈতিক প্রবাহেও নেতিবাচক প্রভাব পড়ছে।
সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন প্রশাসনিক নজরদারির অভাব, সড়কের সীমানা পুনর্নির্ধারণে গাফিলতি এবং দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আজ ভয়াবহ রূপ নিয়েছে। একই সঙ্গে বাজারের যানজট নিরসন, বিকল্প প্রবেশপথ সৃষ্টি এবং পরিকল্পিত পার্কিং ব্যবস্থার জন্যও এই সড়কের উন্নয়ন অত্যন্ত জরুরি।
সচেতন মহলের মতে, সরকারি রেকর্ড (আরএস, বিএস ও এলএ) অনুযায়ী সড়কের প্রকৃত প্রস্থ পুনরুদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ, টেকসই সংস্কার, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং পরিকল্পিত বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে রায়বাজার শুধু ঈশ্বরগঞ্জ নয়, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্যতম আধুনিক বাণিজ্যকেন্দ্রে পরিণত হতে পারে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের একটাই দাবি—অর্থনীতির এই প্রাণকেন্দ্রকে বাঁচাতে হলে আগে বাঁচাতে হবে এর সড়ককে। সরকারি রেকর্ড অনুযায়ী রাস্তার প্রকৃত প্রস্থ পুনরুদ্ধার, অবৈধ দখলমুক্তকরণ, দ্রুত সংস্কার এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া না হলে রায়বাজারের অর্থনৈতিক সম্ভাবনা ধীরে ধীরে হারিয়ে যাবে অব্যবস্থাপনার অন্ধকারে।
মতামত