নরসিংদীর মনোহরদীতে এক শিশুকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে জোরপূর্বক অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে দুই যুবক আটক হয়েছেন। পরে তাদের মনোহরদী থানায় সোপর্দ করা হয়। আটক দুই যুবকের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ফারহান (৮) নামে এক শিশু মনোহরদীর হেতিমদী বাইপাস সড়কের পাশ দিয়ে একা হাঁটছিল। এ সময় দুই যুবক তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুটির আর্তচিৎকার শুনে অদূরে মাছ শিকাররত তার দুই মামাসহ স্থানীয় লোকজন ছুটে এসে ফারহানকে উদ্ধার করেন এবং দুই যুবককে আটক করেন। পরে তাদের উত্তম-মধ্যম দিয়ে মনোহরদী থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শিশু ফারহানের বাবা তোফাজ্জল হোসেন। তারা মনোহরদী সরকারি কলেজসংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করেন। ফারহান উপজেলার মাছিমপুর গ্রামে তার মামার বাড়িতে বেড়াতে গিয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনার শিকার হয়।
আটক দুই যুবক হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর গ্রামের হাশিম উদ্দীনের ছেলে রফিক (২৫) এবং একই গ্রামের মোখলেছের ছেলে জজ মিয়া (২৩)।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা বলেন, “অপহরণকারী সন্দেহে জনতা দুই ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে। তারা বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে। যাচাই-বাছাই সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মতামত