দিনাজপুরের পার্বতীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রি, খাদ্য সংরক্ষণে অনিয়ম এবং নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে শাহ হোটেলসহ তিনটি হোটেল ও একটি বেকারিকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ হোসেন-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শাহ হোটেল, মুক্তিযোদ্ধা হোটেল, মামা-ভাগিনা হোটেল এবং তাজ বেকারিতে আকস্মিক পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খাবার সংরক্ষণ এবং শাহ হোটেলে বিক্রির জন্য রাখা দইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তথ্য উল্লেখ না থাকার মতো বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট ধারায় চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়। আদালত আদেশে বলা হয়, নির্ধারিত জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মালিকদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হবে। স্বাস্থ্যবিধি অমান্যকারী কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না বলেও তারা সতর্ক করেন।
স্থানীয়দের অভিযোগ, অনেক খাবার হোটেল ও বেকারিতে গ্রাহকদের কাছ থেকে পূর্ণ মূল্য নেওয়া হলেও পরিচ্ছন্নতা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। সচেতন মহল বলছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত নজরদারির পাশাপাশি ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকাও জরুরি।
মতামত