একটি দুর্ঘটনা কেড়ে নিয়েছে একটি নিম্নবিত্ত পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষের স্বাভাবিক জীবন। খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার বাবু পাড়ার বাসিন্দা মংহ্লাপ্রু মারমা এখন হাসপাতালের বিছানায় তীব্র যন্ত্রণায় ছটফট করছেন। উন্নত চিকিৎসা ও জরুরি অস্ত্রোপচারের (অপারেশন) জন্য প্রয়োজন প্রায় ৩ লক্ষ টাকা। কিন্তু অসহায় দিনমজুর পরিবারের পক্ষে এই বিশাল অঙ্কের অর্থ জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত পরশু দিন বৃষ্টির মধ্যে একটি গাছে উঠে ডাল কাটতে যান মংহ্লাপ্রু মারমা। এ সময় পা পিছলে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। এতে তার কোমরে গুরুতর জখম হয়। স্থানীয় চিকিৎসকরা তাকে প্রাথমিকভাবে দেখার পর জানিয়েছেন, তার কোমরে মারাত্মক আঘাত লেগেছে এবং জরুরি ভিত্তিতে অপারেশন করা প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত চট্টগ্রামে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মংহ্লাপ্রু মারমা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পেশায় দিনমজুর হওয়ায় নুন আনতে পান্তা ফুরোনোর এই সংসারে কোনো সঞ্চয় নেই। আকস্মিক এই বিপদে পুরো পরিবারটি এখন দিশেহারা। টাকার অভাবে তার চিকিৎসা শুরু করা যাচ্ছে না, অন্যদিকে প্রতি মুহূর্তে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
এমতাবস্থায়, মংহ্লাপ্রু মারমার প্রাণপ্রিয় পরিবার সমাজের বিত্তবান, প্রবাসী এবং সহৃদয় ও মানবিক ব্যক্তিদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছে। আপনাদের সামান্য অনুদান বা সহযোগিতাই পারে একজন মানুষকে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে, একটি অসহায় পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে।
আসুন, যে যার সামর্থ্য অনুযায়ী এই বিপন্ন মানুষটির পাশে দাঁড়াই। আপনার ছোট্ট একটি অবদান একটি জীবনের বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে।
সাহায্য পাঠানোর ঠিকানা ও যোগাযোগ:
মোবাইল- ০১৬৩২৪৬১১০০
বিকাশ/নগদ (পার্সোনাল): ০১৬৩২৪৬১১০০
(অনুগ্রহ করে টাকা পাঠানোর আগে বা পরে উক্ত নম্বরে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।)
মতামত