নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের দায়ে তিন যুবককে পাঁচ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ জুলাই) উপজেলার লেবুতলা ও খিদিরপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—খিদিরপুরের পশ্চিম রামপুরা এলাকার রুবেল, চরতারাকান্দী গ্রামের সজিব এবং নোয়ানগর এলাকার আলাল হোসেন।
উপজেলা প্রশাসন জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে লেবুতলা ও খিদিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ইয়াবা সেবনকালে ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী তাদের প্রত্যেককে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় তাদের ব্যবহৃত ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লিয়াকত ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদক নির্মূলে এমন অভিযান চলমান থাকবে।
মতামত