“মাদক পরিহার করুন, নিজে বাঁচুন, আগামী প্রজন্মকে বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে কালীগঞ্জ বাজার সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে কলাবাড়ী ইউনিয়নবাসীর যৌথ আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়।
মাদকবিরোধী এই সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক। তিনি তাঁর বক্তব্যে মাদকের ভয়াবহতা ও এর সামাজিক কুফল তুলে ধরেন এবং তরুণ সমাজকে মরণব্যাধি মাদক থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
কলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুবোধ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। বক্তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার এবং কালীগঞ্জ বাজারসহ পুরো ইউনিয়নকে মাদক ও তামাকমুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মতামত