"গাছ লাগিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা। দিনাজপুর জেলা প্রশাসন এবং সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
আজ দিনাজপুরে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি। তিনি তাঁর বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সর্বস্তরের মানুষকে বেশি বেশি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জনাব ফাহিম মাসউদ। তিনি মেলা আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে সামাজিক বনায়ন বৃদ্ধিতে সবার সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো: জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, দিনাজপুর জেলা। এস এম হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), দিনাজপুর। মো: মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), দিনাজপুর।বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, সবুজ ও সুশোভিত দিনাজপুর গড়ে তুলতে বৃক্ষ মেলার ভূমিকা অপরিসীম। তাঁরা নতুন প্রজন্মকে গাছ লাগানোর প্রতি উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
মেলা প্রাঙ্গণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নার্সারি মালিকেরা তাঁদের স্টল সাজিয়েছেন। মেলায় বিভিন্ন প্রজাতির ফুল, ফল, ছাদবাগানের উপযোগী চারা এবং বিরল প্রজাতির ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
মতামত