দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সরকারি কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা কৃষি অফিসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লা মোস্তাফিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম, প্যানেল চেয়ারম্যান ফয়জার রহমান। এছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃত কৃষকদের সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে পর্যায়ক্রমে সরকারি কৃষক কার্ড বিতরণ করা হবে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি, প্রশিক্ষণ, উপকরণ বিতরণ এবং অন্যান্য কৃষিসেবা সহজ, স্বচ্ছ ও দ্রুততার সঙ্গে গ্রহণ করতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান বলেন, কৃষকদের সঠিক তথ্যভান্ডার তৈরি হলে সরকারের কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন আরও কার্যকর হবে। এজন্য তথ্য সংগ্রহে সংশ্লিষ্টদের আন্তরিকতা এবং কৃষকদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, নির্ধারিত সময়ের মধ্যে উপজেলার সব ইউনিয়নে তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে কৃষকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
মতামত