ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগান ঘুরতে এসে খালে ডুবে সানি হাওলাদার নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সানির বাড়ি ঝালকাঠি সদর উপজেলার রাজাপুর হাইলাকাটি এলাকায়। শনিবার ১৮/০৭/২০২৬ দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে সানি ও তার সঙ্গীরা একটি ট্রলার থেকে নেমে খালের পাড়ের একটি চরে বসে সঙ্গে আনা রান্না করা খাবার খাচ্ছিলেন। একপর্যায়ে সানি এবং আরও দুই কিশোর খালের পাড়ে থাকা একটি আমগাছ থেকে পানিতে ঝাঁপ দেয়। অন্য দুইজন নিরাপদে উঠে এলেও সানি পানিতে তলিয়ে যায় এবং আর ভেসে ওঠেনি।
পরে উপস্থিত লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও, স্থানীয়দের অভিযোগ—তাৎক্ষণিকভাবে কোনো ডুবুরির ব্যবস্থা করা যায়নি। তাদের দাবি, ঘটনার প্রায় চার ঘণ্টা পরেও প্রশিক্ষিত ডুবুরি ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে স্থানীয়দের উদ্যোগে স্থানীয় ডুবুরিদের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে সানি হাওলাদারকে উদ্ধার করা হয়। এরপর ফায়ার সার্ভিসের গাড়িতে করে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়।
ঘটনাস্থলে উপস্থিত অনেক স্থানীয় বাসিন্দা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের তৎপরতা প্রত্যাশিত ছিল না। তাদের ভাষ্য, সময়মতো ডুবুরি না আসায় মূল্যবান সময় নষ্ট হয়েছে।
এ বিষয়ে ঘটনাস্থলে দায়িত্বরত ফায়ার সার্ভিস কর্মকর্তা মাহবুব–এর কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ভিমরুলী ভাসমান পেয়ারা বাগান ভ্রমণে এসে সানি হাওলাদারের এমন মর্মান্তিক মৃত্যু এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ভবিষ্যতে পর্যটন এলাকায় দ্রুত উদ্ধার ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা এবং প্রয়োজনীয় ডুবুরি সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মতামত