ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দক্ষিণ রহিমপুর গ্রামে অতিথি সেজে রাতযাপনের সুযোগ নিয়ে এক দম্পতিকে চেতনানাশক মিশ্রিত জুস ও দুধ পান করিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মকবুল হোসেন (৬৪) নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ রহিমপুর গ্রামের বাসিন্দা মো. মকবুল হোসেনের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ছিল নান্দাইল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নয়া বাড়ি (নদীর পাড়) এলাকার বাসিন্দা মো. খোকন (৪৪)-এর। গত ১৫ জুলাই রাতে কালিয়ান বাজারে সাক্ষাতের পর বাড়ি ফেরার কোনো যানবাহন না পাওয়ার কথা জানিয়ে খোকন মকবুল হোসেনের বাড়িতে রাতযাপনের অনুমতি চান। দীর্ঘদিনের পরিচয়ের কারণে সরল বিশ্বাসে তাকে বাড়িতে থাকতে দেন তিনি।
অভিযোগে বলা হয়, রাতের খাবারের সময় অভিযুক্ত ব্যক্তি সঙ্গে আনা কলা, দুধ ও প্রাণ ফ্রুটিকা ম্যাংগো জুস খেতে দেন। ভুক্তভোগীর দাবি, এসব খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মেশানো ছিল। খাবার গ্রহণের কিছুক্ষণ পর মকবুল হোসেন ও তার স্ত্রী আকলিমা আক্তার (৫৫) অচেতন হয়ে পড়েন।
পরদিন সকালে প্রতিবেশীরা দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে তাদের আংশিক জ্ঞান ফিরে আসে। পরে ঘরের লোহার আলমারির লকার ভাঙা এবং মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান তারা।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, আলমারির লকার ভেঙে সৌদি প্রবাসী ছেলের পাঠানো নগদ ১ লাখ ১০ হাজার টাকা, প্রায় ৯ লাখ টাকা মূল্যের চার ভরি স্বর্ণালংকার, একটি রুপার চেইনসহ সর্বমোট প্রায় ১০ লাখ ১৪ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ দম্পতিকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তারা নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মোজাহিদুল ইসলাম বলেন,অভিযোগটি গ্রহণ করা হয়েছে।ঘটনাটি তদন্ত করে আইগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত