নওগাঁ সদরে বায়ুদূষণ রোধে অভিযান চালিয়ে উন্মুক্ত স্থানে নির্মাণ সামগ্রী ফেলে রাখার অভিযোগে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের নেতৃত্বে সদর উপজেলার কুমুরিয়া (জবার মোড়) এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রাস্তার পাশে পাথর, বালি ও ইটের খোয়া উন্মুক্ত অবস্থায় ফেলে রেখেছে এবং সেগুলো ঢেকে না রাখায় আশপাশে বায়ুদূষণ সৃষ্টি হচ্ছে। এ অপরাধে দুইটি মামলার মাধ্যমে সংশ্লিষ্ট দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্ব পালন করে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত