জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশে অংশ নিয়েছে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিলে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে যোগ দেন। কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদ এবং হোসেন সোহাগের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বগুড়া বিশ্ববিদ্যালয়ের অনুমোদন এ জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং শিক্ষা, গবেষণা ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় তারা বগুড়া বিশ্ববিদ্যালয় অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়টির দ্রুত বাস্তবায়নের পাশাপাশি বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে বিশ্ববিদ্যালয়টির নামকরণের দাবি জানান।
মতামত