গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নে জিও-বিএম (Geo-BM) প্রকল্পের আওতায় ১৩ জন এলসিএস (লেবার কন্ট্রাক্টিং সোসাইটি) নারী শ্রমিক প্রাথমিকভাবে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে উন্মুক্ত লটারির আয়োজন করে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
জানা গেছে, উদাখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে মোট ১৩২ জন নারী উপকারভোগী এলসিএস সদস্য হিসেবে কাজ করার জন্য আবেদন করেন। আবেদনকারীদের মধ্য থেকে প্রকাশ্য লটারির মাধ্যমে ১৩ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজন হলে অন্তর্ভুক্তির জন্য আরও ৭ জনের একটি ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, নির্বাচিত ১৩ জনের মধ্যে কেউ কাজে যোগদান না করলে, দায়িত্ব পালনে অপারগ হলে বা অন্য কোনো কারণে বাদ পড়লে ওয়েটিং লিস্টে থাকা ব্যক্তিদের পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে।
এলজিইডি সূত্র জানায়, নির্বাচিত এলসিএস সদস্যদের প্রাথমিক নিয়োগের মেয়াদ এক বছর। তবে প্রকল্পের অগ্রগতি, কর্মদক্ষতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে এ মেয়াদ নবায়নের মাধ্যমে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
লটারির ফলাফল ঘোষণা করেন ফুলছড়ি উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. তহিদুল করিম সরকার। তিনি বলেন, "নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব বা আর্থিক লেনদেনের সুযোগ বন্ধ করতেই সম্পূর্ণ উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে। অতীতে বিভিন্ন প্রকল্পে অর্থ লেনদেনের অভিযোগ ওঠায় এবার শুরু থেকেই স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সকল আবেদনকারীর সমান সুযোগ নিশ্চিত করাই ছিল আমাদের লক্ষ্য।"
অনুষ্ঠানে উদাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাবিল উদ্দিন-এর প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, আবেদনকারী নারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচন হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বচ্ছতা নিয়ে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সরকারি বিভিন্ন প্রকল্পে একই ধরনের উন্মুক্ত ও জবাবদিহিমূলক নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হবে।
মতামত