১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের দীর্ঘ ৭৪ বছর পর ঢাকার দোহার উপজেলায় অবশেষে নির্মিত হতে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। আজ বুধবার (২২ জুলাই, ২০২৬) বিকেলে, দোহার প্রেসক্লাব সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করা হয়।
ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে খন্দকার আবু আশফাক এমপি বলেন, "এ দেশের বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ ও স্মৃতি নতুন করে তুলে ধরতে পেরে মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। ভাষা শহীদদের আত্মা আজ শান্তি পাবে যে, এত বছর পরও আমরা তাঁদের যথাযথ শ্রদ্ধায় স্মরণ করছি। বিগত দিনে আমাদের পূর্বসূরিরা যা করতে পারেননি, আজ তা করতে পারা আমার জীবনের অন্যতম আনন্দের ও স্মৃতির দিন।"
রাজনৈতিক ভেদাভেদ ও অতীত বিতর্ক ভুলে দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "দেশটা আমাদের সবার এবং এর উন্নয়ন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলের দায়িত্বও আমাদের সবার। গত চার-পাঁচ মাস আগে প্রধান মন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার নির্বাচিত হয়েছে। এখন সরকারের উন্নয়ন কাজে সবাইকে সহায়তা করতে হবে। শুধুই বিরোধিতার খাতিরে বিরোধিতা করলে দেশের অগ্রগতি থমকে যাবে এবং আজকের এই ফলক উন্মোচনও ব্যর্থ হয়ে পড়বে।"
অতীতের ভুলভ্রান্তি ও বিতর্কের ঊর্ধ্বে ওঠার তাগিদ দিয়ে এমপি আবু আশফাক আরও বলেন, "অতীতে কে কী করেছি— কেউ হয়ত দেশের বিরুদ্ধে, ভাষার বিরুদ্ধে কিংবা স্বাধীনতার বিরুদ্ধেও অবস্থান নিয়েছিল— সেসব নিয়ে এখন বিতর্ক করতে থাকলে দেশ এগোবে না। অতীত ভুলে আমাদের সামনের দিকে তাকাতে হবে। বর্তমান সরকার যে বাজেট দিয়েছেন, তা পুরোপুরি কাজে লাগিয়ে দেশকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে রূপান্তর করাই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মূল লক্ষ্য।"
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাঈদুল ইসলাম, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। ভাষা আন্দোলনের এত বছর পর দোহারে স্থায়ী শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
মতামত