কিশোরগঞ্জের তাড়াইলের দামিহা ইউনিয়নের হাত কাজলা গ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে হাত কাজলা যুব সমাজের উদ্যোগে এক মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত সভায় হাত কাজলা গ্রামের আবদুল কদ্দুসের সভাপতিত্বে এবং নজরুল ইসলামের সঞ্চালনায় এলাকার যুবসমাজ,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি,তাড়াইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ মাসুদ করিম,দামিহা ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম তনু,দামিহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে মাইনুজ্জামান নবাব, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল হক আজহার,৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বিপুলসংখ্যক মানুষ।
সভায় বক্তারা বলেন,মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি ব্যক্তি,পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার,সমাজ,প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তাড়াইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ মাসুদ করিম বলেন,“মাদক সমাজের সবচেয়ে বড় ব্যাধিগুলোর একটি। মাদকের বিরুদ্ধে শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়,পরিবার,সমাজ ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। কোনো এলাকায় মাদক কারবারের তথ্য পেলে পুলিশকে জানান। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। মাদকমুক্ত তাড়াইল গড়তে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।”
দামিহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে মাইনুজ্জামান নবাব বলেন,“মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। তরুণদের সঠিক পথে পরিচালিত করতে পরিবারকে আরও দায়িত্বশীল হতে হবে। খেলাধুলা,শিক্ষা,ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা সম্ভব। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে। আমরা একটি নিরাপদ,সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর।”
দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল হক আজহার বলেন,“মাদক আজ আমাদের সমাজের জন্য বড় চ্যালেঞ্জগুলোর একটি। পরিবার ও সমাজ সচেতন হলে মাদক অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। তরুণদের নৈতিক শিক্ষা,খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলেই একটি সুস্থ,সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”
সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম ও যুগ্ম-সাধারণ সম্পাদক সামির হোসেন সাকিসহ অন্যান্য বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন,যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই।
মতামত